স্বনামধন্য ‘ডি বাপি বিরিয়ানি’ এবার হলো ভাগ! মধ্যমগ্রামে নতুন নামে আত্মপ্রকাশ, বাবা-ছেলের ব্যবসায়িক বিচ্ছেদ পৌঁছাল আদালত পর্যন্ত!

ভোজন রসিকদের মধ্যে তুমুল জনপ্রিয় ব্যারাকপুরের স্বনামধন্য বিরিয়ানির দোকানটি এবার দু’ভাগে ভাগ হয়ে গেল। প্রথম শুরু হওয়া ব্যারাকপুরের এই বিরিয়ানির দোকান ‘ডি বাপি বিরিয়ানি’ ঘিরে ছিল আলাদা উন্মাদনা। তবে এবার এই জনপ্রিয় ব্র্যান্ডটি মধ্যমগ্রামের (Madhyamgram) গ্রাহকদের জন্য নতুন গন্তব্যে ও নতুন নামে আত্মপ্রকাশ করল।
নাম ও মালিকানা নিয়ে বিতর্ক
মধ্যমগ্রামের ‘ডি বাপি বিরিয়ানি’ (D Bapi Biryani) দোকানটি ঘিরে তৈরি হওয়া জটিলতার জেরেই এই বিচ্ছেদ। দোকানের নাম ও মালিকানা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ব্যবসায়িক দিক থেকে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন দোকানের অন্যতম কর্ণধার বাপি ও ডলি দাস-এর ছেলে অনির্বাণ দাস।
জানা গিয়েছে, মূলত ব্যবসা সংক্রান্ত সমস্যার কারণেই বাবা (বাপি দাস) ও ছেলের মধ্যে মতভেদ তৈরি হয়, যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত পৌঁছয়। আদালতের নির্দেশেই অনির্বাণকে মধ্যমগ্রামের শাখায় ‘ডি বাপি বিরিয়ানি’ ব্র্যান্ড ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এর পরই অনির্বাণ নিজের নামে ব্র্যান্ড খোলার পরিকল্পনা করেন।
নতুন পথে ‘অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার’
মধ্যমগ্রামের ‘ডি বাপি বিরিয়ানি’ দোকানটি এবার থেকে নতুন নামে আত্মপ্রকাশ করছে – ‘অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার’ (Anirban Biryani & Caterer)। অনির্বাণ দাসের দাবি, গ্রাহকদের ভালবাসা ও আস্থা ধরে রাখতেই নতুন ব্র্যান্ডের সূচনা করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, গুণগত মান ও স্বাদ কোনোভাবেই কমবে না, বরং আরও উন্নত হবে। বর্তমানে অনির্বাণের নতুন ব্র্যান্ডের মধ্যমগ্রাম-সহ তিনটি শাখা রয়েছে।
অন্যদিকে, পুরনো ব্র্যান্ড ‘ডি বাপি বিরিয়ানি’-এর শাখাগুলি ব্যারাকপুর ও বারাসাতের ময়নায় পূর্বের মতোই বাপি দাস ও ডলি দাসের তত্ত্বাবধানে চালু থাকবে বলে জানা গিয়েছে।
ব্র্যান্ডের নাম নিয়ে এই বিচ্ছেদের কারণে স্থানীয়ভাবে জনপ্রিয় প্রতিষ্ঠানটি এখন দুই ভিন্ন নামে পরিচালিত হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যেও কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। গ্রাহকরা এখন অপেক্ষা করছেন, ডি বাপির বিরিয়ানির সঙ্গে ছেলে অনির্বাণের নতুন ব্র্যান্ড কতটা সফলভাবে পাল্লা দিতে পারে।