মুখস্থ করার দিন শেষ! পরীক্ষা পদ্ধতিতে বিরাট পরিবর্তন আনল CBSE, কোন ক্লাস থেকে শুরু নয়া নিয়ম?

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) এবার শিক্ষাদান এবং পরীক্ষা পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। নতুন জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর আওতায় আর শুধুমাত্র মুখস্থ বিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাশ করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের ধারণাগত স্পষ্টতা এবং বাস্তব জীবনে সেই জ্ঞানের প্রয়োগের উপর জোর দিতে চলেছে বোর্ড।
জানা যাচ্ছে, এই নতুন পদ্ধতির জন্য CBSE খুব দ্রুত একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করবে, যেখানে শিক্ষার্থীদের যেকোনো বিষয় সম্পর্কে ধারণা এবং বাস্তব জীবনে তারা কীভাবে সেই জ্ঞান প্রয়োগ করতে পারবে, তা শেখানো হবে। নতুন জাতীয় শিক্ষানীতি সুপারিশ করে যে মূল্যায়ন পদ্ধতিকে অবশ্যই মুখস্থ করার ক্ষমতা যাচাইয়ের বাইরে নিয়ে যেতে হবে।
তৃতীয় শ্রেণি থেকেই শুরু:
নতুন পরিকল্পনার মধ্যে পরীক্ষাকে শিক্ষার একটি প্রয়োজনীয় অংশ হিসেবে বিবেচনা করা হবে। এই অনলাইন প্ল্যাটফর্মটি তৃতীয়, চতুর্থ এবং অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য একটি অন্যরকম মূল্যায়ন প্রদান করবে। এই প্ল্যাটফর্মটি স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যানালাইসিস বা ‘SAFAL’ নামে পরিচিত হবে।
বোর্ড ইতিমধ্যেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য একটি দক্ষতা-ভিত্তিক (Skill-Based) মূল্যায়ন কাঠামো চালু করেছে। এই কাঠামো বিজ্ঞান, গণিত এবং ইংরেজির মতো মূল বিষয়গুলির উপর বেশি জোর দেবে। নতুন প্ল্যাটফর্মটি মূলত শিশুদের মূল ধারণা, জ্ঞানের সঠিক ব্যবহার এবং তীক্ষ্ণ চিন্তাভাবনা পরীক্ষা করবে। এর ফলে যেকোনো বিষয়ে শিক্ষার্থীদের কোনো দুর্বলতা থাকলে তা স্কুলগুলি দ্রুত জানতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।