রবিবার দুপুরেই মুখোমুখি দুই ‘শত্রু’! ডাবিং স্টুডিওতে একই সময়ে হাজির মিঠুন-কুণাল, কী হতে চলেছে?

বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক ইস্যুতে বারবার কাদা ছোড়াছুড়ি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। একে অপরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্যেই চরম আক্রমণ শানিয়েছেন। এই উত্তপ্ত আবহের মাঝেই কাকতালীয়ভাবে রবিবার দক্ষিণ কলকাতার এক ডাবিং স্টুডিওতে একই সময়ে হাজির হচ্ছেন এই দুই হেভিওয়েট নেতা-অভিনেতা।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত একটি ডাবিং স্টুডিওতে রবিবার দুপুর ১২টায় ‘প্রজাপতি-২’ সিনেমার ডাবিংয়ে হাজির থাকার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। আর ঠিক একই সময়ে একই স্টুডিওতে অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ সিনেমার ডাবিংয়ে যোগ দেবেন কুণাল ঘোষ।
জানা গিয়েছে, ওই স্টুডিওতে দুটি ফ্লোরে দুটি আলাদা ডাবিং রুম থাকলেও, শিল্পী ও কলাকুশলীদের জন্য রয়েছে একটি কমন লাউঞ্জ। ফলে সেখানেই দুইজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। গত কয়েক মাস ধরে চলা চূড়ান্ত রাজনৈতিক চাপানউতোরের পর এবার লাউঞ্জে কী পরিস্থিতি তৈরি হয়, তা নিয়েই কৌতূহলী টলিউড থেকে রাজনৈতিক মহল।
ইতিমধ্যেই একই সময়ে দুই রাজনৈতিক দলের নেতার উপস্থিতি প্রসঙ্গে স্টুডিও কর্তৃপক্ষ পরিচালক ও প্রযোজকদের বিষয়টি জানিয়েছেন। সূত্রের খবর, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দু’জনের জন্য আলাদা বসার ব্যবস্থা করার তোড়জোড় চলছে।
এই প্রসঙ্গে অভিনেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি বলেন, “অভিনেতা মিঠুন চক্রবর্তী অনেক বড়। আমি নেতা দলবদলু মিঠুন চক্রবর্তীর সিদ্ধান্তর বিরোধী। আর এটা একটা প্রফেশনাল জগত্। আমি আমার কাজ করতে স্টুডিওতে যাব। আমার শিডিউল বদলানোর প্রশ্নই ওঠে না।” তবে এই খবর লেখা পর্যন্ত মিঠুন চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক মঞ্চের বাইরে সিনেমার জগতে এই দুই ব্যক্তিত্বের মুখোমুখি হওয়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রবিবার দুপুরে লাউঞ্জে তাঁদের সাক্ষাৎ হয় কি না, এবং হলে পরিস্থিতি কেমন থাকে, তা জানতে উৎসুক সকলে।