অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত যুবক

ভারতে মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে এসে এক জঘন্য ঘটনার শিকার হলেন অস্ট্রেলিয়ান দলের দুই মহিলা ক্রিকেটার। ইন্দোরে প্রকাশ্যে তাঁদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই পুলিশি তত্পরতায় মূল অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে খাজরানা রোডে এই ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ান দলের ওই দুই সদস্য র্যাডিসন ব্লু হোটেল থেকে বেরিয়ে কাছাকাছি একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময়েই বাইকে চেপে জনৈক আকিল খান তাঁদের অনুসরণ করা শুরু করে।

সাব ইনস্পেক্টর নিধি রঘুবংশী জানান, “এক ব্যক্তি বাইকে চেপে তাঁদের ফলো করছিল। এক ক্রিকেটারের সঙ্গে অশ্লীল আচরণ করে সে। রাস্তার মধ্যেই অশালীন ভাবে তাঁকে ছোঁয় এবং টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।”

পুলিশি তৎপরতা ও ‘হিস্ট্রি শিটার’ গ্রেফতার

এই ঘটনার পরই আতঙ্কিত দুই ক্রিকেটার টিমের নিরাপত্তা অফিসার ড্যানি সিমসনের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় আইনরক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিমানি মিশ্র। তিনি নির্যাতিতা দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেন, তাঁদের বয়ান রেকর্ড করেন এবং দ্রুত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাইকটি চিহ্নিত করতে সক্ষম হয়। সেই সূত্র ধরে অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আকিল খান একজন ‘হিস্ট্রি শিটার’। তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রুজু ছিল।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শোরগোল

উল্লেখ্য, মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে সবচেয়ে উপরে রয়েছে অস্ট্রেলিয়া। এই জঘন্য ঘটনাটি ঘটেছে শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ প্লে অফ ম্যাচের ঠিক আগে। এমন পরিস্থিতিতে দলের তারকারা এমন ঘটনার শিকার হওয়ায় অজি শিবিরে গভীর shock এবং নিরাপত্তার প্রশ্ন তৈরি হয়েছে।