“আমার আশীর্বাদ আপনার হৃদয়ে থাকুক…”! এক ফুঁয়ে বৃদ্ধার সব প্রদীপ কিনলেন পুলিশ কর্তা, চোখে জল আনবে এই ভিডিও

উৎসবের মরসুম মানেই শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং সকলের মধ্যে খুশি ভাগ করে নেওয়ার পালা। দীপাবলির (Diwali) আবহে উত্তরপ্রদেশ থেকে তেমনই এক হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে, যা মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মী এবং তাঁর বেশ কয়েকজন সহকর্মী ফুটপাতে বসা এক প্রদীপ বিক্রেতা বৃদ্ধার কাছ থেকে তাঁর দোকানে থাকা সমস্ত পণ্য কিনে নিচ্ছেন। পুলিশ কর্মীদের এই উদ্যোগ সেই বৃদ্ধা বিক্রেতার চোখে-মুখে যেন হাজার ওয়াটের দ্যূতি এনে দিয়েছে।
ভাইরাল ভিডিওর মূল ঘটনা:
উত্তরপ্রদেশের হাপুরের এই ঘটনাটি প্রথমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (@MeghUpdates) শেয়ার করা হয়। পোস্টে ক্যাপশনে লেখা হয়, “এই ধনতেরাসে, মায়ের মাটির প্রদীপগুলি কোনও ক্রেতা কেনেননি। সেটা দেখে, স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত তাঁর সমস্ত প্রদীপ কিনেছেন এবং তাঁর বৃদ্ধার দোকানই নয়, তাঁর হৃদয়কেও আলোকিত করেছেন। হাপুর, উত্তর প্রদেশ। আসুন এই উৎসবের মরসুমে শপথ নিই – আমাদের স্থানীয় কারিগরদের সমর্থন করার এবং ভারতে তৈরি পণ্য কেনার।”
This Dhanteras, Amma’s clay lamps found no buyers. Seeing this, Station In-charge Vijay Gupta bought all her diyas and brightened not just her stall, but her heart too.
📍Hapur, Uttar PradeshLet’s take a vow this festive season — to support our local artisans and buy… pic.twitter.com/vyFke1iDph
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 18, 2025
ভিডিওটিতে দেখা যায়, সারাদিন কোনও গ্রাহক না আসায় মন খারাপ করে বসেছিলেন ওই বয়স্ক মহিলা বিক্রেতা। ঠিক তখনই স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত দু’জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে এসে তাঁর সমস্ত প্রদীপ কিনে নেন। আবেগাপ্লুত বৃদ্ধা পুলিশ অফিসারকে বলেন, “আমার আশীর্বাদ আপনার হৃদয়ে থাকুক। আপনি দীর্ঘজীবী হোন।” আন্তরিকভাবে আশীর্বাদ করেন তিনি। ভিডিওর শেষে পুলিশ অফিসার বৃদ্ধাকে প্রদীপের দাম বাবদ ১০০০ টাকা প্রদান করেন।
সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়:
এই হৃদয়গ্রাহী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে এবং অফিসার বিজয় গুপ্তের দয়ালু আচরণের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।
একজন ব্যবহারকারী এই ঘটনাটিকে “পুলিশের হৃদয়গ্রাহী আচরণ” বলে অভিহিত করে লিখেছেন, “এমন একটি পৃথিবীতে যেখানে বেশিরভাগ মানুষ লক্ষ্য না করেই ছুটে চলে যায়, তাঁর সহজ দয়ার কাজ একজন বয়স্ক মহিলার দিনকে আলোকিত করল এবং এই কাজ ধনতেরাসের আসল চেতনাকে সুন্দরভাবে ধারণ করে। এই ধরণের করুণা মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে দেয়।”
আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বিজয় গুপ্তার হৃদয়স্পর্শী আচরণ! স্থানীয় কারিগরদের সমর্থন করা এই উৎসবের মরশুমে সত্যিই জীবনকে আলোকিত করে।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “সত্যিই আমার চোখে জল চলে এল। আমাদের উৎসবের মূল কথা হলো ভালোবাসা, করুণা এবং নম্রতা। একে অপরের পাশে থাকা।”
এই ঘটনাটি একদিকে যেমন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই দীপাবলির মতো উৎসবের দিনগুলিতে স্থানীয় কারিগর এবং দেশীয় পণ্য কেনার বার্তাটিকে আরও জোরালো করেছে।