চাপের ‘গল্প’ চালিয়ে যান! লিভারপুলের মাঠে জিতে বিস্ফোরক ইউনাইটেড কোচ রুবেন আমোরিম, কেন এমন বললেন?

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচ রুবেন আমোরিম (Ruben Amorim) অ্যাওয়ে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে (Liverpool) ২-১ গোলে হারানোর পর রীতিমতো বিস্ফোরক মেজাজে ধরা দিলেন। ২০১৬ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে (Anfield) জয় পেল ইউনাইটেড। তবে জয়ের পরেও পর্তুগিজ কোচ নিজের চাকরি হারানোর ‘গুজব’ নিয়ে সংবাদমাধ্যমকে যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।
ম্যাচ শেষে আমোরিম বলেন, “আমি চাই আপনারা যে গল্প (Narrative) চালু রেখেছেন, তা চালিয়ে যান। বদলাবেন না। এটাই আমার জন্য সবথেকে ভালো। আমি এখন গোলের সংখ্যা বাড়িয়ে দিতে চাই না, বা অন্য কিছু। আপনারা একই গল্প চালিয়ে যান। আমাদের যা করতে হবে, তা হলো টানা তিনটি ম্যাচে জেতার চেষ্টা করা। তারপর টপ ফোর বা টপ সিক্সের কথা ভুলে যাব। আমরা আগেই বলেছি, আমাদের ইউরোপের জন্য যোগ্যতা অর্জন করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “এই জয় কিন্তু কিছুই পাল্টায় না। ৯০ মিনিট আগেও আমরা যে দল ছিলাম, এখনও সেই দলই আছি। মানুষ এখন হয়তো অন্যভাবে দেখছে, কিন্তু আমরা একই দল। আমাদের আরও অনেক কিছু করার আছে। কিছু মুহূর্তে ভাগ্য আমাদের সহায় ছিল। আমাদের অসাধারণ স্পিরিট ছিল এবং সেটাই আমাদের পরের ম্যাচে নিয়ে যেতে হবে। তাই সবসময় একই কথা।”
সমর্থকদের জন্য পুরস্কার
কোচ জানান, এই জয় আসলে ইউনাইটেডের দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করা সমর্থকদের জন্য একটি প্রাপ্য পুরস্কার। আমোরিমের অধীনে এক বছর পূর্তির আগে এটিই ইউনাইটেডের প্রথম টানা প্রিমিয়ার লিগ জয়।
ম্যাচের শেষদিকে গোল করে ইউনাইটেডকে জয় এনে দেন হ্যারি ম্যাগুয়্যার (Harry Maguire), যা লিভারপুলের টানা চতুর্থ হারের কারণ হলো। আমোরিম মনে করেন, এই জয় তাঁর ম্যান ইউ-তে কোচিং জীবনে ‘সবথেকে বড় জয়’। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন-এর (Brighton) বিরুদ্ধে আসন্ন ম্যাচই দলের মরসুমের ভাগ্য আরও ভালোভাবে নির্ধারণ করবে।
“এটা আমার ম্যানচেস্টার ইউনাইটেডের সময়কালে সবচেয়ে বড় জয়। আজ এর অনেক মূল্য আছে, কিন্তু কাল এর ততটা মূল্য থাকবে না,” মন্তব্য করেন তিনি।
অগাস্টে চতুর্থ-স্তরের গ্রিমসবি-র কাছে লিগ কাপ থেকে বাদ পড়া এবং গত মাসে ব্রেন্টফোর্ডের (Brentford) কাছে হারের পর আমোরিমের পদ বেশ নড়বড়ে হয়ে গিয়েছিল। তবে সান্ডারল্যান্ড (Sunderland) এবং এই ঐতিহাসিক প্রতিপক্ষকে হারানোর পর ‘রেড ডেভিলস’-রা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নবম স্থানে উঠে এসেছে, যা চতুর্থ স্থানে থাকা লিভারপুলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।
পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ
ঐতিহাসিক জয় সত্ত্বেও আমোরিম দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। ম্যাচের মাত্র ৬১ সেকেন্ডে ব্রায়ান এমবেউমো (Bryan Mbeumo) গোল করে ইউনাইটেডকে আদর্শ শুরু এনে দেন। এরপর ব্রুনো ফার্নান্দেসের (Bruno Fernandes) শট পোস্টে লেগে ফেরে। তবে ইউনাইটেডকেও কিছু মুহূর্ত ভাগ্যের ওপর নির্ভর করতে হয়েছে। কোডি গাকপো (Cody Gakpo) সমতা ফেরানোর আগে তিনবার পোস্টে শট মেরেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ম্যাগুয়্যার ফের ফার্নান্দেসের ক্রস থেকে গোল করে বসেন।
আমোরিমের স্বীকারোক্তি, “এটি একটি দারুণ জয়, খুব ভালো খেলা নয়। তবে স্পিরিট ছিল দুর্দান্ত, আর এটাই আমি চাইতে পারি।”
অন্যদিকে, লিভারপুল কোচ আর্নে স্লট (Arne Slot) হারের জন্য গোল করার সুযোগ নষ্ট এবং বাজে সেট-পিস ডিফেন্সকে দায়ী করেছেন। স্লট বলেন, “যদি ম্যাচের আগে কেউ বলত আমরা আট, নয় বা দশটা খোলা সুযোগ তৈরি করব, আমি বিশ্বাস করতাম না। আমরা এত সুযোগ পেয়েও মাত্র একটি গোল করতে পেরেছি… একটি নেগেটিভ সেট-পিস ব্যালেন্স নিয়ে বড় ফুটবল ম্যাচ জেতা প্রায় অসম্ভব।”