‘জিহাদই স্বাধীনতা দেবে!’ মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে ভিডিয়ো বার্তা TTP প্রধানের, ফের উত্তপ্ত ডুরান্ড লাইন?

ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রে রয়েছে জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) এবং তার প্রধান নূর ওয়ালি মেহসুদ। গত ৯ অক্টোবর কাবুলের পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের পর পাকিস্তান দাবি করেছিল যে তারা টিটিপি প্রধান নূর ওয়ালিকে খতম করেছে। কিন্তু সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে এবার নূর ওয়ালি মেহসুদের একটি ভিডিয়ো বার্তা প্রকাশ্যে এল।
এই ভিডিয়োতে মেহসুদকে বলতে শোনা গিয়েছে, “জিহাদই জাতিকে স্বাধীনতা ও সম্মান দেয়, অন্যথায় তারা দাস থেকে যায়।” একইসঙ্গে তিনি তাঁর মৃত্যুর খবরকে ‘মিথ্যা ও ভুয়ো’ বলে অভিহিত করেছেন। টিটিপি প্রধানের এই ভিডিয়ো সামনে আসতেই পাক সেনার দাবি কার্যত ভুল প্রমাণিত হলো এবং তাদের ‘প্রেস্টিজ পাংচার’ হলো বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
তালিবানের অভিযোগ, পাকিস্তান সরকার এবং সেনা ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করছে। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, আফগান তালিবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। ২০০৭ সালে গঠিত হওয়া টিটিপি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত এবং তাদের মূল লক্ষ্য হলো পাকিস্তানের সরকারকে সরিয়ে নিজস্ব মতাদর্শে একটি ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
৯ অক্টোবরের বিস্ফোরণের পর পাক সীমান্তে সেনা আউটপোস্টে পালটা হামলা চালায় আফগানরা। সেই হামলায় পাকিস্তানি সেনার বহু হতাহতের খবর আসে। এর মাঝে আফগানিস্তানের রাস্তায় পাকিস্তানি সেনার উর্দির প্যান্ট ঝুলিয়ে রাখার ছবি ও আটক সেনার ভিডিয়োও প্রকাশ্যে আসে। গত ১৪ অক্টোবর রাতে ফের সংঘর্ষ শুরু হলে কমপক্ষে ১৫ আফগান নাগরিক এবং পাকিস্তানি আধাসামরিক বাহিনীর ৬ জন নিহত হন। এরপর আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে পাকিস্তানি বিমান বাহিনী ‘নির্ভুল হামলা’ চালানোর পরই দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে টিটিপি প্রধানের এই ভিডিয়ো বার্তা ফের পাক-আফগান সীমান্তে সংঘাতের আশঙ্কা তৈরি করল।