‘স্থায়ী যুদ্ধবিরতির বল এখন তালিবানের কোর্টে!’ নাটকীয় ঘোষণার পরেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের নাম নিলেন শেহবাজ শরিফ

আফগান তালিবানের সঙ্গে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরই বড় ধরনের এবং বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতির ‘বল’ এখন আফগান তালিবানের কোর্টে। একইসঙ্গে শেহবাজ শরিফ অভিযোগ করেছেন, আফগান তালিবান সরকার ভারতের নির্দেশে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

সম্প্রতি ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছিল। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এই টিটিপি-কে আফগান তালিবান আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তানের অভিযোগ।

কাকে অনুরোধ করেছিল?

দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার আগে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাবুল থেকে আসা অনুরোধের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে আফগান তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাল্টা দাবি করেছেন, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাবুল।

যুদ্ধবিরতির আগে, কান্দাহারের স্পিন বোলডাক অঞ্চলে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছিল বলে রাষ্ট্রসংঘের সহায়তা মিশন জানিয়েছিল। সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পরে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে রাতভর কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। পেশোয়ারের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যেকোনও সম্ভাব্য সামরিক অশান্তি মোকাবিলায় অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও অভিযোগ করেছেন, আফগানিস্তান ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ করছে। দিল্লিতে অনুষ্ঠিত আফগানিস্তান ও ভারতের বিদেশমন্ত্রীর বৈঠক নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর কাবুলের পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের পর পাক সীমান্তে সেনা আউটপোস্টে পালটা হামলা চালায় আফগানরা। সেই সংঘর্ষের সময় আফগানিস্তানের রাস্তায় পাকিস্তানি সেনার উর্দির প্যান্ট ঝুলিয়ে রাখার ছবি ও বহু বন্দি পাক সেনার ভিডিয়োও প্রকাশ্যে এসেছিল। এই আবহে পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য দুই দেশের মধ্যে সংঘাতের আগুনে ঘি ঢাললো বলে মনে করছে কূটনৈতিক মহল।