‘সুন্দরবনে হয় ম্যানগ্রোভ, পাহাড়ে নয়’! ধস রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার

উত্তরবঙ্গের ভূমিধস এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, দার্জিলিঙে প্রশাসনিক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ধস নিরাময়ের স্থায়ী সমাধান হিসেবে ম্যানগ্রোভ (Mangrove) গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই তাঁকে পাল্টা দিয়ে চরম কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দুর্যোগ কবলিত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী সমাধানের উপর জোর দেন। প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, “ম্যানগ্রোভ লাগাতে শুরু করুন। গঙ্গাসাগরে ৫ কোটি গাছ লাগাতে পারে, উত্তরবঙ্গেও পারবেন। আমি টাকা জলে ঢালতে রাজি নই। স্থায়ী সমাধান করুন।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই এটিকে ‘অবাস্তব’ ও ‘ভুল বার্তা’ বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ম্যানগ্রোভ গাছ সাধারণত উপকূলীয় অঞ্চলে এবং সুন্দরবনের মতো লবণাক্ত মাটিতে জন্মায়, যা পাহাড় বা উত্তরবঙ্গের স্বাভাবিক জলবায়ুর উপযোগী নয়।

শুভেন্দু অধিকারী বলেন, “সুন্দরবনে চাষ হয় ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ উত্তরবঙ্গে হয় না। মুখ্যমন্ত্রীর এই ভুলগুলি ধরিয়ে দেওয়ার সাহস নেই কারও। ছাত্রছাত্রীদের ভুল বার্তা দিচ্ছেন উনি।”

বিরোধী দলনেতার এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে চাপান-উত্তাপ আরও এক দফা বেড়ে গেল।