৩০ বছর ধরে জাল নথি দেখিয়ে ভারতে বসবাস! অবশেষে গ্রেফতার রূপান্তরকামী ‘গুরু মা’ জ্যোতি, মুম্বাইতে ২০টিরও বেশি বাড়ির হদিশ

মুম্বাই পুলিশ এক চাঞ্চল্যকর ঘটনায় এক রূপান্তরকামীকে গ্রেফতার করেছে, যিনি গত ৩০ বছর ধরে জাল নথি দেখিয়ে ভারতে ‘গুরু মা’ সেজে বসবাস করছিলেন। তার নাম জ্যোতি হলেও, পুলিশ সূত্রে জানা গিয়েছে তার আসল নাম বাবু আয়ান খান। জ্যোতি ভারতে থাকাকালীন প্রচুর অর্থ উপার্জন করে মুম্বাইয়ের একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করেছেন বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্রে খবর, জ্যোতির কাছে ভারতীয় জন্ম শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড সহ সমস্ত নথি ছিল, যা সবকটিই জাল। এই জাল নথির জোরেই তিনি এত বছর ধরে ভারতে বসবাস করে আসছিলেন।

ভারতের রূপান্তরকামী সম্প্রদায়ে জ্যোতিকে ‘গুরু মা’ হিসেবে গণ্য করা হতো এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার সঙ্গে শত শত রূপান্তরকামী যুক্ত ছিলেন।

কয়েক মাস আগে মুম্বাই পুলিশ যখন অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরছিল, সেই সময় জ্যোতির কিছু অনুগামীকে শিবাজী নগর পুলিশ গ্রেফতার করে। সে সময় জ্যোতিকেও আটক করা হয়েছিল। কিন্তু তার কাছে আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথি থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে পুলিশ তার পিছু ছাড়েনি। গভীর তদন্তে জানা যায়, ভারতে দেখানো তার জন্ম শংসাপত্র এবং অন্যান্য সমস্ত নথি জাল। প্রমাণ মেলার পর ফের জ্যোতিকে গ্রেফতার করা হয়।

পুলিশি তদন্তে জানা যায়, জ্যোতির বিরুদ্ধে শিবাজী নগর, নারপোলি, দেওনার, ট্রম্বে এবং কুরলা সহ একাধিক পুলিশ স্টেশনে আরও অনেক মামলা দায়ের করা আছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জ্যোতি ভারতে থাকাকালীন প্রচুর অর্থ উপার্জন করে এবং সম্পত্তিতে বিনিয়োগ করেন। তার নামে মুম্বাইয়ে প্রায় ২০টিরও বেশি বাড়ি রয়েছে, যা রফিক নগর, গোভান্ডি এবং অন্যান্য এলাকায় অবস্থিত। এই এলাকাগুলিতেই তার কিছু অনুগামী বসবাস করেন, যারা তাকে ‘গুরু মা’ নামে চেনেন। এই ঘটনা রূপান্তরকামী সম্প্রদায়ের মধ্যে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে।