‘যখন হাল ছেড়ে দাও, তখনই ব্যর্থ হও’! অস্ট্রেলিয়ায় নেমেই বিরাটের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা—ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন কোহলি?

প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই কোহলির একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। ক্রিকেট ভক্ত এবং বিশেষজ্ঞদের মনে প্রশ্ন—অজিভূমে এই সিরিজ শেষ হলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি?

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার রাতে ভারতীয় দল অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে (১৬ অক্টোবর) কোহলি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তিনি লেখেন:

“The only time you truly fail, is when you decide to give up” — অর্থাৎ, “তুমি তখনই সত্যিই ব্যর্থ হও, যখন হাল ছেড়ে দাও।”

এই টুইটের পর থেকেই ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয় যে, কোহলি কি এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন?

কোহলি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯ মার্চ ২০২৫ সালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে মাত্র ৫৪ রান দূরে রয়েছেন। তাই এই সিরিজে তিনি একাধিক রেকর্ড গড়তে পারেন। কিন্তু এই মুহূর্তে ‘হাল ছেড়ে দেওয়া’ নিয়ে তাঁর পোস্ট অনেকেই ভবিষ্যতের অবসরের ইঙ্গিত বলে মনে করছেন। এমনকি কেউ কেউ মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজই হতে পারে তাঁর শেষ ওয়ানডে সিরিজ।

তবে কোহলির এই পোস্ট অনেকেই ভিন্নভাবে নিচ্ছেন। কেউ বলছেন, এটি হয়তো তাঁর সমালোচকদের উদ্দেশে, যারা তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন।

উল্লেখ্য, কোহলি এর আগেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ২৯ জুন ২০২৪ তারিখে তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন এবং ১২ মে ২০২৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। এই পরিস্থিতিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন বিতর্কের জন্ম দিল।