পুজো মিটতেই বিদায় নিচ্ছে বর্ষা! বঙ্গে শীতের আগমনী বার্তা, তার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবার বিদায় নিতে শুরু করেছে। এর ফলে বঙ্গে প্রবেশ করছে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল বাতাস। ধীরে ধীরে নামবে তাপমাত্রাও। তবে এই পরিবর্তনের মাঝেই ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। উপকূলের জেলাগুলিতে বাতাসের গতিও বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে আসার ফলেই এই বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে। রাজ্যে ইতিমধ্যেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া ঢুকতে শুরু করেছে, যার ফলে তাপমাত্রা ধীরে ধীরে নামছে।

আপাতত দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া বজায় থাকবে। তবে শীতপ্রেমীদের জন্য এখনই কোনও সুখবর নেই। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বরের আগে কলকাতায় শীত পড়ার সম্ভাবনা কম। বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা খুব দ্রুত নামছে না। রাজ্যে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, যদিও কোনও কোনও এলাকায় কিছুক্ষণের জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া

চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি— উত্তরবঙ্গের এই তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে। ভোর ও রাতের দিকে শিরশিরানি অনুভব হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে উত্তরবঙ্গে পুরোদমে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।