‘সলমন খান একজন ক্রিমিনাল!’ বলিউড কাঁপানো অভিযোগে কী কী ফাঁস করলেন পরিচালক অভিনব কাশ্যপ? বন্ধ হলো তাঁর সিনেমাও?

দীর্ঘদিন ধরেই বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর টিমের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করে চলেছেন ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। এবার সেই অভিযোগের পারদ আরও কয়েক ধাপ বাড়ালেন তিনি। অভিনবের দাবি, সলমন খান এতটাই খারাপ মানুষ যে নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কারও জীবন নিয়ে খেলা করতে পারেন। আর সেই ‘খেলাতেই’ তাঁর সাজানো কেরিয়ার ধ্বংস হয়েছে বলেও অভিযোগ এই পরিচালকের। সোজাসাপটা ভাষায় সলমনকে ‘ক্রিমিনাল’ বলে দাগিয়ে দিলেন তিনি।
বলিউড পাড়ার অন্দরের গুঞ্জন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় অংশ নাকি সলমন খানের অঙ্গুলিহেলনে চলে। যদিও প্রকাশ্যে এমন কথা বলার সাহস খুব কমজনেরই আছে। কিন্তু সেই প্রচলিত গুঞ্জনে এবার সরাসরি আগুন দিলেন অভিনব কাশ্যপ।
পরিচালক স্পষ্টতই জানান, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সলমন ও তাঁর খান পরিবারের কথা মেনেই চলতে হবে। অন্যথায় ‘বিপদ’ অনিবার্য। তাঁর অভিযোগ, সলমনের কথামতো সিনেমা না করার ফলেই তাঁর কেরিয়ার ধ্বংস করা হয়েছে। বলিউডে তাঁকে আর নতুন কোনো ছবি বানাতে দেওয়া হয় না।
এখানেই না থেমে, সলমন খানের আগামী ছবি ‘গালওয়ান’-এর প্রসঙ্গ টেনে অভিনব বলেন, “একজন ক্রিমিনাল কীভাবে সৈনিকের ভূমিকায় অভিনয় করেন, সেটাই আমার বোধগম্য হচ্ছে না।”
প্রসঙ্গত, ২০১০ সালে সলমন খানকে নিয়ে ‘দাবাং’ ছবিটি তৈরি করেছিলেন অভিনব কাশ্যপ। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার এবং ছবিটি ব্যাপক হিট হয়। তবে এরপর রণবীর কাপুরকে নিয়ে তৈরি তাঁর ছবি ‘বেশরম’ ফ্লপ করে। আর সেই ছবির পর থেকেই প্রায় লাইমলাইট থেকে গায়েব হয়ে গিয়েছেন পরিচালক অভিনব কাশ্যপ। তাঁর কেরিয়ার নষ্টের জন্য সরাসরি খান পরিবারকেই দায়ী করছেন তিনি।