‘৪ শতাংশ ফারাক কমবে’! SIR নিয়ে কেন এত আশাবাদী শুভেন্দু-শান্তনু? তৃণমূলের জবাব কী?

আসন্ন ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Integrated Revision – SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। একদিকে বিজেপি দাবি করছে, সঠিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হলে ভোটার তালিকা থেকে সমস্ত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বাদ যাবে এবং এর ফলে বঙ্গ রাজনীতিতে সমীকরণ বদলে যেতে পারে। অন্যদিকে, তৃণমূল এই যুক্তিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। এই আবহে ফের মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “যদি বাংলায় SIR সঠিকভাবে হয়, তাহলে গত ১০-১২ বছরে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটেছে, তাতে অন্তত ১ কোটিরও বেশি অবৈধ মুসলিম ভোটার তালিকা থেকে বাদ যাবে।”

তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসাররা (BLO) অনেক সময় ঠিকমতো কাজ করতে পারেন না, যার ফলে কিছুটা বাধা আসতে পারে। তবুও বিজেপি এই লড়াই চালিয়ে যাবে এবং সেই লড়াইয়ে বিজেপি এগিয়ে থাকবে বলে তিনি আশাবাদী।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও শুভেন্দু অধিকারীর সঙ্গে সুর মিলিয়ে বলেন, “SIR-ই বাংলার রাজনীতির গেমচেঞ্জার হবে। অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম বাদ গেলেই ফারাকটা তৈরি হবে।”

শুভেন্দুর মতে, বিজেপি ও তৃণমূলের ভোটের ফারাক এখন মাত্র ৪ থেকে ৫ শতাংশ। তাই SIR-এর মাধ্যমে যদি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া যায়, তাহলে বিজেপি অনেকটাই এগিয়ে যাবে।

সমীকরণের পটভূমি:

২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ২৯৪ আসনের মধ্যে ২১৩টি পায় এবং তাদের ভোট শতাংশ ছিল প্রায় ৪৮%। বিজেপি ৭৭ আসন পেলেও তাদের ভোট ছিল ৩৮%।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই তফাৎ অনেকটাই কমে আসে। তৃণমূলের ভোট ৪৬% এর কাছাকাছি এবং বিজেপির ভোট প্রায় ৩৯%।

রাজনৈতিক বিশ্লেষণ

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, “শুধু SIR-কে ভরসা করে জেতা সম্ভব নয়। সংগঠন, প্রার্থী বাছাই ও প্রচারের শক্তিই নির্ধারণ করবে শেষ ফল।” তবে তাঁরা এটাও স্বীকার করছেন যে, যদি ভোটার তালিকা সংশোধন সত্যিই সুষ্ঠুভাবে হয়, তাহলে বিজেপির কিছুটা অ্যাডভান্টেজ থাকবে।

তৃণমূল অবশ্য এই হিসেব নিকেশে বিশেষ বিশ্বাস রাখছে না। তাদের দাবি, সংগঠনই তাদের সবচেয়ে বড় শক্তি। একনিষ্ঠ কর্মী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই আবারও তাদের ক্ষমতায় ফেরাবে। কিন্তু ভোটের আগে শুভেন্দু সহ বিজেপির SIR নিয়ে করা এই হিসাব রাজ্যের শাসক দলের চিন্তা খানিকটা হলেও বাড়িয়েছে।