‘রাত সাড়ে ১২টায় কেন বাইরে?’—মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক, চাপের মুখে সাফাই দিলেন মমতা

দুর্গাপুর গণধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। রবিবার উত্তরবঙ্গ সফরের আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কীভাবে ওই প্রাইভেট কলেজের ছাত্রী রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাইরে বেরোলেন? মেয়েদের রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিরোধী শিবির তীব্র নিন্দা ও সমালোচনা শুরু করে।
ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল। জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। কী হয়েছে জানি না। পুলিশ খতিয়ে দেখছে।”
তিনি আরও বলেন, “বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।” এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যুক্ত করেন, “পুলিশ কীভাবে জানবে রাতে কখন কে বেরোবে! বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের অনুরোধ করব রাতে যেন তাঁরা না বেরোয়। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।” এই মন্তব্যের পর থেকেই রাজ্যজুড়ে তৈরি হয় তীব্র বিতর্ক।
তবে, উত্তরবঙ্গে পৌঁছেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “আউট অফ কনটেক্সট আমার কথাগুলো নেওয়া হয়েছে। দমদম বিমানবন্দরে আমার করা মন্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। কিন্তু সেই জবাব ঘুরিয়ে পেঁচিয়ে পরিবেশন করা হয়েছে। সম্পূর্ণ আউট অফ কনটেক্সট। এই ধরনের নোংরা রাজনীতি আমার সঙ্গে করবেন না।”
যদিও বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী একথাও বলেন যে, দুর্গাপুরকাণ্ডে দোষীরা কেউই ছাড়া পাবে না। ঘটনাটিকে ‘শকিং’ উল্লেখ করে তিনি জানান, বাংলা এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। তবে এরপরেও মুখ্যমন্ত্রী তাঁর আগের কথাটিরই পুনরাবৃত্তি করে বলেন, “রাতে মেয়েদের বেরোতে দেওয়া উচিত না। নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে তাদের।”