রেকর্ড গড়ল কোল ইন্ডিয়া! পুজোর আগেই ২ লক্ষ ২০ হাজার কর্মীর অ্যাকাউন্টে বাম্পার বোনাস, ঢুকছে মোটা অঙ্কের টাকা!

দুর্গাপূজা ও দীপাবলির মরশুমে কর্মীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)। বাংলা সহ দেশজুড়ে কোল ইন্ডিয়ার প্রায় ২ লক্ষ ২০ হাজার স্থায়ী কর্মী এবার পেতে চলেছেন রেকর্ড অঙ্কের বোনাস। শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কর্তৃপক্ষের দীর্ঘ বৈঠক ও আলোচনার পর এই বছরের জন্য ১ লক্ষ ৩ হাজার টাকা বোনাস চূড়ান্ত করা হয়েছে।
এই মোটা অঙ্কের উপরি পাওনা পুজোর আগেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। ফলে উৎসবের আগে খুশির জোয়ার এসেছে কর্মী মহল থেকে আধিকারিক— সকলের মধ্যে।
লক্ষ টাকার নিচে থাকবে, ভেবেছিলেন সকলে; কিন্তু…
কোল ইন্ডিয়ার আধিকারিক সূত্রে জানা গিয়েছে, গত বছর যেখানে কর্মীদের ৯৩ হাজার ৭৫০ টাকা বোনাস দেওয়া হয়েছিল, সেখানে এই বছর অনেকেই ভেবেছিলেন অঙ্কটা হয়তো লক্ষ টাকার নিচে থাকবে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে রেকর্ড বোনাস ঘোষণা করে কর্তৃপক্ষ।
কোল ইন্ডিয়ার আধিকারিক অর্পণ ঘোষ জানান, এই বছর সকলকে অবাক করে বোনাসের পরিমাণ এক লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে উৎসবের উৎসাহ আরও বেড়েছে।
১.২৫ লক্ষ টাকার দাবি, চূড়ান্ত হলো ১.০৩ লক্ষ
কয়লা খনি শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল, এই বছর কর্মীদের ১ লক্ষ ২৫ হাজার টাকা বোনাস দিতে হবে। এই দাবি নিয়েই কোল ইন্ডিয়ার কলকাতা সদর দপ্তরে কয়েক দফা বৈঠক হয়। শ্রমিক সংগঠনগুলি কর্মীদের স্বার্থে বোনাস বৃদ্ধির দাবিতে অনড় ছিল। রাতভর টানাপোড়েনের পর অবশেষে কর্তৃপক্ষ ১ লক্ষ ৩ হাজার টাকা বোনাস ধার্য করে।
এই বোনাস পাবেন কোল ইন্ডিয়ায় কর্মরত প্রায় ২ লক্ষ ২০ হাজার কর্মী। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছেন প্রায় ৪৫ হাজার কর্মী।
আজ থেকেই অ্যাকাউন্টে টাকা
কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের উৎসবের আনন্দ বাড়াতে আর দেরি নয়। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরই আজ থেকেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অধিকারিকদের দাবি, কর্মীদের নিয়েই সারাবছর তাদের কাজ করতে হয়। বছরে এই একটিবার মনের মতো বোনাস মিললে কর্মীদের কাজের উৎসাহ ও উদ্দীপনা সারাবছর বজায় থাকে। পুজোর আগে এই বিপুল অঙ্কের বোনাস পাওয়ায় কর্মীদের মনে আনন্দের ঢেউ লেগেছে।