তেলেঙ্গানা থেকে ২৫০০ কিলোমিটার সফর! ৪১টি ওয়াগনে সিমেন্ট নিয়ে নাগাল্যান্ডে রেলের নয়া মাইলফলক

স্বাধীনতার প্রায় ৮০ বছর পর এবার ঐতিহাসিক মাইলফলক ছুঁল ভারতীয় রেল। দুর্গম পাহাড়, খাদ আর জঙ্গলে ঘেরা নাগাল্যান্ডে এই প্রথম রেলপথে পণ্যবাহী ট্রেন পৌঁছল। এর ফলে দেশের পণ্যবাহী রেল মানচিত্রে যুক্ত হলো ভারতের উত্তরপূর্ব প্রান্তের এই অন্যতম রাজ্যটি।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) হাত ধরে তেলেঙ্গানা থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২ হাজার ৬২৪ টন সিমেন্ট ৪১টি ওয়াগনে করে নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলার মোলভোম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

কেন এটি ঐতিহাসিক?
এত বছর ধরে নাগাল্যান্ডে রেল যোগাযোগ সেভাবে তৈরি না হওয়ার প্রধান কারণ ছিল এর দুর্গম প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে পাহাড়, খাদ, জঙ্গলে ভরা এই রাজ্যে রেললাইন তৈরি করাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। রেল অনেকগুলি রেলব্রিজ, সুড়ঙ্গ, নদীর ওপর ব্রিজ তৈরি করে এই কঠিন কাজটি করে দেখাল।

অসমের ধানসিঁড়ি ও নাগাল্যান্ডের কোহিমা জেলার জুবজা-র মধ্যে চলা নতুন লাইনের হাত ধরেই এই পণ্যবাহী ট্রেনটি তার গন্তব্যে পৌঁছল।

অর্থনীতিতে বিরাট প্রভাবের আশা
যে কোনও অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন অনেকটাই রেল যোগাযোগের ওপর নির্ভর করে। যেহেতু যে কোনও নির্মাণকাজে সিমেন্ট আবশ্যিক, তাই নাগাল্যান্ডে রেলপথে এই প্রথম সিমেন্ট পৌঁছে যাওয়া সে রাজ্যের অর্থনীতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে এবং সেখানকার পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। NFR-এর এই সাফল্য উত্তর-পূর্বের রাজ্যটিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিল।