পরিনীতির জীবনে জোড়া সুখবর! মাতৃত্বের ঘোষণার পরই ‘অমর সিং চমকিলা’ পেল আন্তর্জাতিক এমি পুরস্কারে ২ মনোনয়ন

কিছুদিন আগেই অভিনেত্রী পরিনীতি চোপড়া ও তাঁর স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা তাঁদের জীবনে আগত সন্তানের খবর প্রকাশ্যে এনেছিলেন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে এল আরও এক খুশির খবর। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত পরিনীতি অভিনীত ছবি ‘অমর সিং চমকিলা’ আন্তর্জাতিক এমি পুরস্কারে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে।

ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটি ‘টিভি মুভি/মিনি সিরিজ’ বিভাগে মনোনীত হয়েছে। শুধু তাই নয়, ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ‘সেরা অভিনেতা’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। এই ছবিতে পরিনীতি অমরজ্যোৎ কৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন।

মনোনয়নের খবর জানার পর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “চমকিলা ছবিটি মনোনীত হয়েছে এটা সত্যিই সৌভাগ্যের বিষয়। দিলজিৎ এবং ইমতিয়াজ স্যারকে অনেক অনেক অভিনন্দন। আমরা যখন এই ছবিতে কাজ করছিলাম, তখন আমাদের সকলের মনে হয়েছিল যে আমরা অন্য কিছু নতুন করতে চলেছি।”

তিনি আরও বলেন, বিশ্বের সমস্ত দর্শকদের সামনে এই বাস্তব জীবনের গল্পটি জীবন্ত করে তোলার জন্য তিনি টিমের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন।

নেটফ্লিক্স অরিজিনাল এই ছবিটি একজন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলা এবং তাঁর স্ত্রী অমরজ্যোৎ কৌরের বাস্তব জীবনের গল্প অবলম্বনে তৈরি। জনপ্রিয়তার শিখরে থাকাকালীন মাত্র ২৭ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছিল এই গায়ককে। ছবিটি গত বছর ১২ এপ্রিল নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছিল।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর এমি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে এই মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে আন্তর্জাতিক এমি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।