পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব! উত্তরাখণ্ডে তৈরি হলো ভারতের দীর্ঘতম রেল টানেল, কবে থেকে চালু হবে?

উত্তরাখণ্ডের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপিত হয়েছে। জানস্যু এবং দেবপ্রয়াগের মধ্যে ১৪.৫৭ কিলোমিটার দীর্ঘ ভারতের দীর্ঘতম রেল টানেলের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। হিমালয়ের কঠিন ও প্রতিকূল ভূখণ্ডে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে শুধুমাত্র অভিজ্ঞ টানেল বোরিং মেশিন (TBM) অপারেটরদের নিরলস পরিশ্রমের কারণে।

কর্মকর্তাদের মতে, হিমালয় অঞ্চলে এই প্রথম রেল প্রকল্পে টিবিএম (TBM) মেশিন ব্যবহার করা হয়েছে। এই টানেলের নির্মাণকাজকে এক সত্যিকারের ‘রোলার কোস্টার রাইড’ হিসেবে বর্ণনা করেছেন অভিজ্ঞ টিবিএম অপারেটর বলজিন্দর সিং। তিনি জানান, নির্মাণ কাজের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হঠাৎ ভূমিধস। একবার পাহাড়ের ভেতরে ৩.৫ কিলোমিটার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। সেই ধ্বংসাবশেষ সরাতে সাধারণ ৫০,০০০ কিলো নিউটনের পরিবর্তে মেশিনের সর্বোচ্চ শক্তি অর্থাৎ ১,৩০,০০০ কিলো নিউটন প্রয়োগ করতে হয়েছিল। তাঁর সহকর্মী রাম অবতার সিং রানা জানান, ১২ ঘণ্টার শিফটে একটানা ১০ দিন কাজ করে তাঁরা এই বাধা দূর করেছেন।

এই টানেলটি ১২৫ কিলোমিটার দীর্ঘ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল সংযোগ প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা রেল বিকাশ নিগম লিমিটেডের অধীনে নির্মিত হচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সুড়ঙ্গটি উত্তরাখণ্ডের দেরাদুন, তেহরি গাড়োয়াল, পৌরি গাড়োয়াল, রুদ্রপ্রয়াগ এবং চামোলির মতো বেশ কয়েকটি জেলাকে যুক্ত করবে। এটি রাজ্যের সমতল এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। এর ফলে রাজ্যের ধর্মীয় ও পর্যটন স্থানগুলোতে সহজে যাতায়াত করা যাবে।