বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘দ্য বেঙ্গল ফাইলস’, এক সপ্তাহেই আয় মাত্র ১১ কোটি! মুখ বাঁচাতে নতুন যুক্তি বিবেকের

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী-র নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। মুক্তির এক সপ্তাহ পরেও ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি, যা নিয়ে এখন রীতিমতো আলোচনা চলছে। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, এই ছবির মোট আয় মাত্র ১১.২৫ কোটি টাকা। এমনকি মুক্তির সপ্তম দিনেও ছবিটি ১ কোটি টাকার বেশি আয় করতে ব্যর্থ হয়েছে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি পরিচালকের আগের ব্লকবাস্টার হিট ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে ২৫০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। সেই তুলনায় বিবেকের সাম্প্রতিক ছবিগুলো বক্স অফিসে একেবারেই হতাশ করেছে।

ছবির ভরাডুবির পর বিবেক অগ্নিহোত্রী নিজেকে বাঁচাতে নতুন যুক্তি দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ছবিটি নাকি মূলত ওটিটি প্ল্যাটফর্ম-এর জন্য তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “’দ্য কাশ্মীর ফাইলস’ থেকে যা আয় করেছিলাম, তার পুরোটাই ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য খরচ করেছি। পাশাপাশি কিছু ধারও করেছি, যা এখনও মেটানো বাকি।”

তিনি আরও বলেন, “আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টাকা। শেষ মুহূর্ত পর্যন্ত কেউ আমার ছবিতে অর্থায়ন করে না। এরপর আমার কী হবে (আর্থিকভাবে), জানি না। আমাদের ইচ্ছা থাকে ১০০ কোটি টাকার ছবি বানানোর, কিন্তু হাতে খুব কম টাকা থাকে, তাই প্রতিটি পয়সা হিসাব করে কাজ করতে হয়।” এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, ছবির ব্যর্থতা ঢাকার জন্যই বিবেক অগ্নিহোত্রী এসব কথা বলছেন।