চলন্ত ট্রেন থেকে লাফ! মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে অভিনেত্রী করিশ্মা শর্মা

চলন্ত ট্রেন থেকে লাফ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী করিশ্মা শর্মা। মাথায় গুরুতর আঘাত নিয়ে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এই ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার তিনি নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে সবটা জানান।
করিশ্মা শর্মা তার পোস্টে জানিয়েছেন, বুধবার তিনি চার্চগেটের দিকে একটি শ্যুটিংয়ের জন্য যাচ্ছিলেন। শাড়ি পরে ট্রেন ধরেছিলেন। ট্রেন ছাড়ার পর গতি বাড়াতে শুরু করলে তিনি দেখতে পান তার বন্ধুরা প্ল্যাটফর্মেই রয়ে গেছে। বন্ধুদের ট্রেনে উঠতে না দেখে ভয় পেয়ে তিনি চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নিচে পড়ে যান। দুর্ভাগ্যবশত, এর ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
তিনি আরও লেখেন, “আমার পিঠে চোট লেগেছে, মাথা ফুলে গিয়েছে এবং সারা শরীরে কালশিটে পড়েছে। ডাক্তাররা এমআরআই করেছেন এবং মাথার আঘাত গুরুতর কি না তা বোঝার জন্য আমাকে এক দিনের জন্য পর্যবেক্ষণে রেখেছেন।”
হাসপাতালের বিছানায় শুয়েই করিশ্মা তার ভক্ত ও অনুরাগীদের কাছে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন। তিনি লেখেন, “গতকাল থেকে আমি প্রচণ্ড ব্যথায় আছি, কিন্তু লড়ছি। দয়া করে আমার জন্য প্রার্থনা করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আমাকে ভালোবাসা পাঠান।”
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, করিশ্মা সম্ভবত ওই মুহূর্তে কী করবেন তা বুঝতে পারেননি। এই ঘটনা থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত, যাতে এমন বিপজ্জনক কাজ কেউ না করেন।