পর্দায় ফিরছে ক্রাইম থ্রিলার! আগামী ২ অক্টোবর কি রহস্যের জাল ছিন্ন করতে পারবে ‘দৃশ্যম ৩’?

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির কথা উঠলেই ২ অক্টোবরের প্রসঙ্গ আসবেই। হিন্দি ছবির প্রেমীদের কাছে এই দিনটি চিরস্মরণীয়। দৃশ্যম ছবির ঝামেলার সূত্রপাত যে দিনটির হাত ধরে, সেই দিনটিতেই যবনিকা পতন হতে চলেছে এই রোমাঞ্চকর কাহিনীর। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’ বা ‘দৃশ্যম দ্য কনক্লুশন’।
এদিন স্টার স্টুডিওর তরফে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনার পাশাপাশি মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। অভিষেক পাঠকের পরিচালনায় এই ছবিটির প্রযোজনা করেছেন অলক জৈন, অজিত আঁধারে, অভিষেক পাঠক এবং কুমার মঙ্গত পাঠক। আগামী ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
এদিন অজয় দেবগনের চরিত্রের নতুন লুকের পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমার সত্যি, আমার সব, শুধুই আমার পরিবার।’ অন্যদিকে, তাবু অভিনীত চরিত্রের ক্ষেত্রে লেখা হয়েছে, ‘সন্তান হারিয়েছি আমি। এবার আর জাস্টিস চাই না। বদলা চাই।’ প্রতিটি পরিবার বা ঘরের যে নিজস্ব কিছু রহস্য ও গোপন কথা থাকে, তা লুকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা অথবা সন্তানহারা এক মায়ের সেই বদলার নেওয়ার জেদ—সব মিলিয়ে ছবির পোস্টারেই তৈরি হয়েছে চরম উত্তেজনার আবহ। ছবিটির ঘোষণার পর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা।
উল্লেখ্য, ‘দৃশ্যম ৩’ বা ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, তাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, জয়দীপ আহলাওয়াট এবং রজত কাপুরকে। প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর, দীর্ঘ সাত বছর পর ২০২২ সালে মুক্তি পায় ছবিটির সিক্যুয়েল। সেটিও দর্শকদের মন জয় করেছিল। এখন দেখার, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও অন্তিম পর্ব বক্স অফিসে কী ম্যাজিক দেখায়।