এবার কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়, জেনেনিন কবে নতুন ভূমিকায় বাংলার মহারাজ?

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করার পর এবার কোচিংয়ের দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তিনি ভারতের কোচ হচ্ছেন না, বরং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-এর দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর হেড কোচ হিসেবে দেখা যাবে তাঁকে। জোনাথন ট্রটের জায়গায় এই দায়িত্ব পেলেন বাংলার মহারাজ।

নতুন ভূমিকায় সৌরভ

ভারতীয় ক্রিকেটে নানা ভূমিকায় দেখা গেছে সৌরভকে। তিনি এক সময় ভারতীয় দলের সফল অধিনায়ক ছিলেন, যিনি ভারতকে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন। তাঁর হাত ধরেই বিদেশের মাটিতে সিরিজ জেতা শুরু করে ভারতীয় দল। এরপর তিনি বিসিসিআই-এর সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। এবার তিনি এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন কোচ

এতদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট। কিন্তু তাঁর অধীনে দলের পারফরম্যান্স ভালো ছিল না। ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় পেয়েছিল দলটি। তাই টিম ম্যানেজমেন্ট ট্রটের সঙ্গে চুক্তি বাতিল করে সৌরভকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করেছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব শুরু করবেন সৌরভ।

সৌরভ এর আগে আইপিএল-এর দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর বা টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে হেড কোচের পদে এই প্রথমবার তাকে দেখা যাবে। ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর দারুণ কাজ করায় সৌরভের ভারতের কোচ হওয়ার সম্ভাবনা এখন কম। তাই তিনি নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে দক্ষিণ আফ্রিকার এই দলের দায়িত্ব নিলেন।