“ভারত ও চিন এশিয়ার ডাবল ইঞ্জিন”-ট্রাম্পের শুল্ক ইস্যুতে চমকে দিয়ে ভারতের পাশে দাঁড়ালো বেজিং

ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং সম্প্রতি আমেরিকাকে একটি ‘বুলি’ বা ‘দুর্বৃত্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমেরিকা দীর্ঘকাল ধরে মুক্ত বাণিজ্য থেকে লাভবান হয়েছে, কিন্তু এখন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

কেন এই মন্তব্য?

চিনা রাষ্ট্রদূতের মতে, আমেরিকা ভারতের কিছু নির্দিষ্ট পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক বসিয়েছে। এর মধ্যে রয়েছে ২৫% বাণিজ্য শুল্ক এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫% জরিমানা। আমেরিকার দাবি, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থ যোগান দিচ্ছে।

এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে ফেইহং বলেন, “নীরব থাকলে ‘বুলি’রা আরও উৎসাহিত হয়।” তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতিতে চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে।

ভারত-চিন সম্পর্ক মজবুত করার বার্তা

ফেইহং আরও বলেন যে চীন ভারতীয় পণ্য তাদের বাজারে প্রবেশের জন্য স্বাগত জানাবে। তিনি বলেন, ভারত তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার এবং বায়োমেডিক্যাল খাতে এগিয়ে, আর চীন ইলেকট্রনিক্স, পরিকাঠামো এবং নতুন শক্তির মতো ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে। একসঙ্গে কাজ করলে উভয় দেশই একে অপরের বাজার থেকে উপকৃত হবে।

তিনি জানান, চীন চায় ভারতের ব্যবসায়ীরা চীনে বিনিয়োগ করুক। একই সাথে, তিনি আশা করেন যে ভারতও তাদের দেশে চিনা ব্যবসার জন্য একটি ন্যায্য এবং বৈষম্যহীন পরিবেশ তৈরি করবে। এতে উভয় দেশের মানুষেরই উপকার হবে বলে তিনি মন্তব্য করেন।