কৌশিকী অমাবস্যা : সন্ধ্যেবেলায় এই কাজ করলেই মিলবে দেবী কৌশিকীর আশীর্বাদ! জেনেনিন

সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। দেবী কৌশিকী হলেন মা মহামায়ারই একটি রূপ। বিশ্বাস করা হয়, দেবী পার্বতীর দেহকোষ থেকে তাঁর জন্ম হয়েছিল বলেই তাঁর নাম কৌশিকী। প্রচলিত আছে যে, এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মেনে চললে সারা বছর ধরে দেবীর আশীর্বাদ পাওয়া যায়।
কৌশিকী অমাবস্যার গুরুত্ব
ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে তন্ত্র ও শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। কথিত আছে, সাধক বামাখ্যাপা এই দিনেই সিদ্ধিলাভ করেছিলেন। তাই হিন্দু ও বৌদ্ধ তন্ত্রমতে এই দিনের বিশেষ মাহাত্ম্য আছে। পুরাণ অনুযায়ী, শুম্ভ-নিশুম্ভ নামের অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন, তখন দেবী পার্বতী নিজের দেহকোষ থেকে দেবী কৌশিকীকে সৃষ্টি করেন। দেবী কৌশিকী সেই অসুরদের বিনাশ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। এই কারণেই এই তিথিকে অশুভ শক্তি বিনাশের তিথি হিসেবে ধরা হয়।
২০২৫ সালে, ২ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর ভোর পর্যন্ত থাকবে কৌশিকী অমাবস্যা।
কীভাবে পাবেন দেবী কৌশিকীর আশীর্বাদ?
জ্যোতিষী রাহুল দে-র মতে, এই দিনে কিছু সহজ কাজ করলে জীবনে সুখ-শান্তি এবং আর্থিক উন্নতি আসে।
নারকেলের টোটকা: সন্ধ্যাবেলা একটি শুকনো নারকেল নিন। তার একদিক ফুটো করে চিনি ভরে নিন। এরপর বাড়ির বাইরে গিয়ে নারকেলটি মাটিতে পুঁতে দিন, খেয়াল রাখবেন যেন ফুটো করা দিকটা উপরে থাকে। এতে সারা বছর ভালো ফল পাওয়া যায়।
গঙ্গাস্নান ও উপবাস: এই দিনে গঙ্গাস্নান করা খুব শুভ। স্নান করে সূর্যদেবতাকে প্রণাম করুন। সম্ভব হলে দু’দিন উপোস করুন। যদি তা সম্ভব না হয়, তবে এই দু’দিন আমিষ খাওয়া থেকে বিরত থাকুন।
পূজা ও দান: মা তারার পায়ে সিঁদুর এবং লাল জবা ফুল নিবেদন করুন। সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে তিলের তেলের দুটি প্রদীপ জ্বালান। এই তিথিতে ঘরে নোংরা বা এঁটো বাসন রাখবেন না, ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এছাড়া, গরিব বা অসহায় মানুষকে আপনার সাধ্যমতো কিছু দান করুন।
জ্যোতিষ মতে, এই কাজগুলো করলে দেবী কৌশিকী প্রসন্ন হন এবং ভক্তদের সব ইচ্ছে পূরণ করেন। অনেকেই এই দিনে উপবাস রেখে দেবীর পূজা করেন। নির্জলা উপোস করতে পারলে আরও ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়।
**(গুরুত্বপূর্ণ তথ্য: ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত। এখানে দেওয়া তথ্যগুলি জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী লেখা হয়েছে। কোনো বিষয়ে নিশ্চিত হতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এর জন্য techinformetix কোনোভাবেই দায়ী নয়।)