মার্কিন মুলুকে দাঁড়িয়ে পরমাণু হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের, দিল্লির কড়া জবাব

কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক বিতর্কিত মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি ইঙ্গিতে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যদি আমরা মনে করি যে আমরা ডুবছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব।” একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। কূটনৈতিক মহল তার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে।
কোনো বন্ধুত্বপূর্ণ দেশে সফরে গিয়ে এমন হুমকি-হুঁশিয়ারি দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর জবাবে নয়াদিল্লিও দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতিতে পাকিস্তানকে “দায়িত্বজ্ঞানহীন” রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের করা মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ধরনের পরমাণু-হুঁশিয়ারি আসলে পাকিস্তানের বাণিজ্যিক নীতির মূল ভিত্তি।” সাউথ ব্লক স্পষ্ট করে বলেছে যে ভারত কোনোভাবেই এমন পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
ভারত আরও বলেছে, “বন্ধু” আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধানের এমন মন্তব্য খুবই হতাশাজনক। নয়াদিল্লি মনে করে, এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক মহলে তুলে ধরা প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই ধরনের মন্তব্য আসলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। যা একটি রাষ্ট্রের পরমাণু নিয়ন্ত্রণের দিকে প্রশ্ন তোলে। সঙ্গে শঙ্কা তৈরি করে সামরিক বাহিনী ও জঙ্গিগোষ্ঠীর মধ্যে গোপনে তৈরি হওয়া সম্পর্ক নিয়েও।”
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা থেকে মনোযোগ সরানোর জন্য এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে ভারতের পক্ষ থেকে দেওয়া কড়া বার্তা থেকে স্পষ্ট, নয়াদিল্লি এই ধরনের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না।