বাংলায় ‘ব্রেক মনসুন’ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তি বাড়বে

বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি কাটছে না। আবহাওয়া দফতর জানিয়েছে যে বর্তমানে ‘ব্রেক মনসুন’ পরিস্থিতি চলছে, যার কারণে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এবং উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে। তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে আজ রাতে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দুই ২৪ পরগনা, হাওড়া ও নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার ও মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের নারায়ণপুরে ৯০ মিলিমিটার এবং উত্তরবঙ্গের ফালাকাটায়ও ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।