‘কেন মিথ্যা বলছেন?’, RG Kar -এ দুর্নীতি মামলার শুরুর দিনেই CBI-কে ভর্ৎসনা আদালতের

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতে শুরু হয়েছে। মামলার প্রথম দিনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক এবং তাদের আইনজীবীকে আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হলো। গুরুত্বপূর্ণ নথি ছাড়া আদালতে হাজির হওয়ার কারণে বিচারক ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হলে স্বাস্থ্য দপ্তরের ওএসডি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। আদালত সিবিআইকে মামলার ‘আসল অভিযোগপত্র’ দেখানোর নির্দেশ দিলে সিবিআইয়ের আইনজীবী জানান, টালা থানায় জমা পড়া মূল অভিযোগপত্রটি এদিন আদালতে উপস্থিত রেকর্ডে নেই।
বিচারক তখন সিবিআইয়ের আইনজীবীর কাছে এই গুরুত্বপূর্ণ নথি না থাকার কারণ জানতে চান। জবাবে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বলেন, রেকর্ডটি অন্য কোনো আদালতে থাকতে পারে এবং তিনি আদালতের কাছে সময় চেয়ে নেন। এই জবাবে ক্ষুব্ধ হয়ে বিচারক বলেন, “কেন মিথ্যা বলছেন? রেকর্ড কেন আনা হলো না? কাস্টডিয়াল ট্রায়াল শুরু হয়েছে। এই ধরনের খামখেয়ালিপনা বা অজুহাত বরদাস্ত করা হবে না।” অভিযুক্ত পক্ষের আইনজীবীও মূল অভিযোগপত্র ছাড়া বিচার প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
আদালত এদিন সিবিআইকে তীব্র সতর্ক করে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
উল্লেখ্য, আরজি কর দুর্নীতি মামলায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মামলায় চার্জশিট পেশ করা হয় ২০২৪ সালের ২৯ নভেম্বর। মূলত আরজি করের একজন ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার আবহে এই আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। আরজি করেরই প্রাক্তন সুপার আখতার আলি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন, যা পরবর্তীতে এই মামলার ভিত্তি তৈরি করে। মামলার প্রথম দিনেই সিবিআইয়ের এমন গাফিলতি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।