AIR INDIA-র ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতেই আগুন, ছড়িয়ে পড়লো আতঙ্ক

মঙ্গলবার বিকেলে দিল্লি বিমানবন্দরে একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। হংকং থেকে আগত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 315 দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই তাতে আগুন ধরে যায়। তবে, দ্রুত পদক্ষেপের কারণে সকল যাত্রী ও ক্রু-সদস্য নিরাপদে রক্ষা পেয়েছেন।
বিমানবন্দর সূত্র অনুযায়ী, মঙ্গলবার বিকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 315 হংকং থেকে দিল্লিতে আসে। সফলভাবে অবতরণের পর বিমানটি যখন নির্দিষ্ট গেটে পার্ক করা হয় এবং যাত্রীরা নামতে শুরু করেন, ঠিক তখনই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU) আগুন ধরে যায়।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 315 নিরাপদে অবতরণ করে এবং নির্দিষ্ট গেটে পার্কিংয়ের পরপরই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU) আগুন ধরে যায়।”
তাৎক্ষণিক নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তা
মুখপাত্র আরও জানান, অগ্নিকাণ্ডের সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন। বিমানের স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা কাজ করায় APU তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তিনি নিশ্চিত করেছেন যে, “সমস্ত যাত্রী এবং ক্রু-কর্মীরা নিরাপদে বিমান থেকে নেমে এসেছেন। সকলেই অক্ষত আছেন।”
কী কারণে এই যান্ত্রিক ত্রুটি ঘটলো এবং APU-তে আগুন লাগলো, তা জানতে এয়ার ইন্ডিয়া আরও বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। এই ঘটনায় বিমানবন্দর বা উড়ান পরিষেবার বড়সড়ো কোনো ব্যাহত হওয়ার খবর মেলেনি, তবে তদন্তের ফলাফল জানার পর ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।