“অপারেশন সিঁদুরে ভারতের কোনও ক্ষতি হয়নি”-ছবি দেখানোর চ্যালেঞ্জ করলেন অজিত দোভাল

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের কোনো ক্ষতি হয়নি বলে স্পষ্ট দাবি করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত যাবতীয় ভুয়ো খবর উড়িয়ে দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, এই অপারেশনে ভারতের কোনো ক্ষতি হয়নি।

ডোভাল বলেছেন, “বিদেশি মিডিয়াগুলি অপারেশন সিঁদুর সম্পর্কে মিথ্যা খবর ছড়িয়েছে। আমাকে এমন একটি ছবি দেখান যেখানে ভারতের ক্ষতি হয়েছে। এই সময় ভারতের কোনো ক্ষতি হয়নি।” তিনি আরও বলেন, “প্রযুক্তি এবং যুদ্ধের মধ্যে সম্পর্ক সর্বদা গুরুত্বপূর্ণ। আমরা অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত। আমরা গর্বিত যে আমরা এই অপারেশনের সময় দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছি।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, “আমরা সীমান্তের ওপারে ৯টি পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে সীমান্ত এলাকায় একটিও ঘাঁটি ছিল না। আমাদের সমস্ত টার্গেট সঠিক ছিল। আমরা কেবল সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছি।” তাঁর এই মন্তব্য অপারেশন সিঁদুরের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়, যেখানে ২৬ জন নিহত হন। এই হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাকিস্তানের গভীরে জঙ্গি শিবিরগুলিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়, যার ফলে বহু জঙ্গি নিহত হয়। পাল্টা পাকিস্তান ভারতের নানা শহরকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। ভারত তার কড়া জবাব দেয় এবং পাকিস্তানি সেনা ও বায়ুসেনার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়।

চার দিন ধরে সামরিক সংঘর্ষের পর গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সংঘর্ষবিরতি’ ঘোষণা করা হয়। অজিত ডোভাল আরও জানান যে, মাত্র ২৩ মিনিট অপারেশন সিঁদুর স্থায়ী হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তানের পাল্টা হামলা চালানোর চেষ্টায় ভারতের কোনো ক্ষতি হয়নি।” ডোভাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমাকে এমন একটি ছবি দেখান যেখানে ভারতের ক্ষতি হয়েছে। একটি কাচও ভাঙা হয়নি। বিদেশি মিডিয়া অনেক কিছু বলেছে। কিন্তু ১০ মে-এর আগে এবং পরে পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটির স্যাটেলাইট ছবি দেখুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

ডোভালের এই বক্তব্য অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা অনেকাংশেই দূর করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *