AC-লোকাল ট্রেনে কবে থেকে বনগাঁ যাওয়া যাবে? যাত্রীদের জন্য চলে এলো বড় আপডেট

অবশেষে অপেক্ষার অবসান! শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেন কবে থেকে চালু হবে— এই প্রশ্ন ছিল সকলের মনে। জানা যাচ্ছে, আগামী ১৮ জুলাই, শুক্রবার থেকেই শিয়ালদা ডিভিশনে শুরু হচ্ছে এসি লোকাল ট্রেনের পরিষেবা। ইতিমধ্যেই একটি এসি লোকাল শিয়ালদায় এসে পৌঁছেছে, এবং চলতি সপ্তাহে আরও একটি এসি লোকাল শিয়ালদহে আসছে বলে রেল সূত্রে খবর।
কোন রুটে চলবে এসি লোকাল?
প্রাথমিকভাবে শিয়ালদা মেইন লাইনে এসি লোকাল চালানোর পরিকল্পনা করা হয়েছে। খবর ছিল, শিয়ালদা-রানাঘাট রুটে একটি ট্রেন চলবে। এবার জানা যাচ্ছে, নতুন যে ট্রেনটি আসছে, তা বনগাঁ শাখায় চলবে। সব মিলিয়ে, বারাসাত এবং বনগাঁ পর্যন্ত দুটি এসি লোকাল ট্রেন চলবে, যা গ্যালপিং হিসেবে পরিচালিত হবে। এই দুটি ট্রেনই সম্ভবত আগামী ১৮ জুলাই থেকে যাত্রী পরিষেবা শুরু করতে পারে।
রেল ডিভিশন সূত্রে জানানো হয়েছে, একটি এসি রেক কারশেডে পড়ে থাকা সম্পর্কে রেল মন্ত্রক নির্দেশ দিয়েছে যে, রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতেই এই ট্রেন চালানো হবে। ফলে এখন শুধু সময়ের অপেক্ষা। ১৮ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের সূচনা কর্মসূচি হতে পারে। ওই একই দিন বাংলার আরও একটি নতুন ট্রেন, কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হওয়ার কথা। এই ট্রেনটি শনি ও রবিবার সপ্তাহে দু’দিন কলকাতা-রানাঘাট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ হয়ে মালদহ পর্যন্ত চলবে।
এসি লোকালের ভাড়া কত হবে?
যাত্রীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, এসি লোকালের ভাড়া কত হবে। জানা যাচ্ছে, বনগাঁ শাখার ক্ষেত্রে রানাঘাট, কৃষ্ণনগরের মতো একই ভাড়া ধার্য করা হবে। সম্ভাব্য ভাড়ার তালিকাটি নিচে দেওয়া হলো:
শিয়ালদা-বারাসাত রুটে: দৈনিক ভাড়া ৫৬ টাকা, মাসিক পাস ৯৯০ টাকা।
শিয়ালদা-হাবড়া রুটে: দৈনিক ভাড়া ৮০ টাকা, মাসিক পাস ২,৭২০ টাকা।
শিয়ালদা-গোবরডাঙ্গা রুটে: দৈনিক ভাড়া ৯৯ টাকা, মাসিক পাস ২,০৯০ টাকা।
শিয়ালদা-বনগাঁ রুটে: দৈনিক ভাড়া ১৯০ টাকা, মাসিক পাস ২,০২০ টাকা।
শিয়ালদা-দমদম রুটে: দৈনিক ভাড়া ২৯ টাকা, মাসিক পাস ৫৯০ টাকা।
এসি লোকাল ট্রেনে কী কী পরিষেবা মিলছে?
নতুন এই এসি লোকাল ট্রেনগুলিতে যাত্রীদের জন্য আধুনিক পরিষেবা নিশ্চিত করা হয়েছে:
স্বয়ংক্রিয় দরজা: মেট্রোর মতোই স্টেশন এলেই ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে।
ক্যামেরা নজরদারি: প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরা থাকবে, ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হবে না।
টক-ব্যাক সুবিধা: যাত্রীদের সুরক্ষার জন্য টক-ব্যাক (Talk Back) সিস্টেম থাকবে, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে চালকের সঙ্গে সরাসরি কথা বলা যাবে।
জিপিএস-ভিত্তিক ঘোষণা: মেট্রোর মতোই জিপিএস বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকবে, ফলে যাত্রীরা তাদের গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাবেন।
পূর্ব রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ৬২ রেকের বগিগুলি তৈরি করা হয়েছে। প্রথমে শিয়ালদা-রানাঘাট রুটে চালানো হবে এবং এরপর কৃষ্ণনগর ও বনগাঁ লোকাল রুটেও এই ট্রেন চলবে। দ্রুত আরও রেক আনার পরিকল্পনা রয়েছে। তবে, এই বাড়তি ভাড়ায় কত মানুষ এসি লোকালের পরিষেবা গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।