বিশ্বে প্রথম, এক মহিলার শরীরে মিলল নতুন রক্তের গ্রুপ ‘গোয়াদা নেগেটিভ’, রইল বিস্ময়

বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে এক অভূতপূর্ব বৈজ্ঞানিক আবিষ্কার। সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন বিশ্বের একমাত্র ব্যক্তি, যার শরীরে রয়েছে একদম নতুন একটি রক্তের গ্রুপ। এই বিরল রক্তের নাম ‘গোয়াদা নেগেটিভ’ (Guada Negative)। এমনই দাবি করেছে ফ্রান্সের রক্ত সংস্থা ‘ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট’ (EFS)।
এই রক্তের গ্রুপটি এতটাই বিরল যে, বিশ্বে মাত্র একজন মানুষের শরীরেই এটি পাওয়া গিয়েছে। তিনি গুয়াদেলুপ (Guadeloupe)-এর বাসিন্দা, বয়স এখন ষাটের কোঠায়। খবর সামনে আসতেই সাড়া পড়েছে আন্তর্জাতিক চিকিৎসা ও বৈজ্ঞানিক মহলে।
প্রায় ১৫ বছর আগে, প্যারিসে এক অস্ত্রোপচারের আগে সাধারণ রক্ত পরীক্ষায় প্রথম ধরা পড়ে কিছু অস্বাভাবিকতা। রক্তে অজানা একটি অ্যান্টিবডি ধরা পড়ে, যা কোনও বিদ্যমান রক্তের গ্রুপের সঙ্গে মেলে না।
কিন্তু সে সময় প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে গবেষণা এগোয়নি।
এরপর ২০১৯ সালে আধুনিক ‘হাই-থ্রুপুট ডিএনএ সিকোয়েন্সিং’-এর মাধ্যমে সেই রহস্য ভেদ করেন বিজ্ঞানীরা। জানা যায়, ওই মহিলার দেহে থাকা রক্ত সম্পূর্ণ নতুন এক ধরনের, যার জেনেটিক মিউটেশন তাকে আলাদা করে দিয়েছে বিশ্বের সমস্ত রক্তের ধরন থেকে।
চলতি বছরের জুন মাসে ইতালির মিলানে, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন (ISBT) এই নতুন রক্তের গ্রুপকে ‘গোয়াদা নেগেটিভ’ নামে স্বীকৃতি দেয়।
এটি বিশ্বের ৪৮তম রক্ত গ্রুপ সিস্টেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
ইএফএস-এর মেডিকেল বায়োলজিস্ট থিয়েরি পিয়ারার্ড জানিয়েছেন, “এই মহিলা বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি এমন রক্তধারী। অর্থাৎ, তিনি নিজের রক্তের সঙ্গে নিজেই সামঞ্জস্যপূর্ণ, তাঁর কোনও রক্তদাতা নেই।”
তিনি আরও জানান, এই রক্তধারার উৎস তার বাবা-মায়ের দিক থেকেই এসেছে, যাঁদের শরীরে বিশেষ এক জেনেটিক পরিবর্তন ঘটেছিল।
উল্লেখযোগ্যভাবে, বিংশ শতকের গোড়ায় রক্তের ABO সিস্টেম আবিষ্কার হয়েছিল অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে।
কিন্তু আধুনিক ডিএনএ বিশ্লেষণ এখন রক্ত গ্রুপ নিয়ে একেবারে নতুন অধ্যায় খুলে দিয়েছে।
গোয়াদা নেগেটিভ তার এক নজির। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে আরও এমন অজানা রক্ত গ্রুপ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে, যা রক্ত সংক্রান্ত চিকিৎসা ও দানব্যবস্থায় নতুন দিশা দেখাতে পারে।
একদিকে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, অন্যদিকে একটি মানুষের শরীর থেকে উঠে আসা এই বিরল তথ্য… দুই মিলে গোটা বিশ্বকে অবাক করেছে ‘গোয়াদা নেগেটিভ’।
এ যেন রক্তের মধ্যে লুকিয়ে থাকা এক নিঃশব্দ বিপ্লব!