বৃষ্টির মধ্যে পাহাড়ে সফরই হল কাল! ১০০০ ফুট উচ্চতা থেকে তিস্তায় পড়ল গাড়ি! নিখোঁজ ৯ পর্যটক

বৃষ্টির মধ্যেই পাহাড়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন পর্যটকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০০ ফুট গভীর খাদে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ৯ জন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেসময় পাহাড়ে চলছিল ভারী বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে সরাসরি তিস্তার খরস্রোতা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় গাড়ির চাকা পিছলে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ভারতীয় সেনা এবং আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ)-এর জওয়ানরা উদ্ধার অভিযানে নামেন। রাতের অন্ধকারে প্রতিকূল পরিস্থিতিতেও দুজন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে। তবে, এখনো পর্যন্ত গাড়িটিতে থাকা মোট ১১ জন পর্যটকের মধ্যে ৯ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযান জোরকদমে চলছে, কিন্তু তিস্তা নদীর গভীরতা এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ পর্যটকদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটকদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।