বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে BSF, চাপের মুখে শেষ পর্যন্ত…..

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবৈধ প্রবেশ ঠেকাতে বিএসএফের (Border Security Force) তৎপরতা অব্যাহত। জলপাইগুড়ির পর এবার কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ১৩ জন বাংলাদেশি। তবে বিএসএফ জওয়ানদের সক্রিয়তায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই অনুপ্রবেশকারীরা ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ আটকা পড়ে আছে।
মঙ্গলবার (২৭ মে, ২০২৫) রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। ৭৮ ব্যাটেলিয়ানের সিতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেয়। বিএসএফের বাধার মুখে পড়ে তারা আবার বাংলাদেশের সীমান্তে ফিরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, সেখানেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের প্রবেশে বাধা দেয়।
বর্তমানে ওই ১৩ জন ব্যক্তি ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকে পড়েছে বলে খবর। কোনোভাবেই তারা যেন ভারতীয় ভূখণ্ডে ঢুকতে না পারে, সেজন্য বিএসএফ ওই এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। অপরদিকে, বিজিবিও নিজেদের সীমান্তে প্রহরা দিচ্ছে, ফলে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
মাত্র একদিন আগেই জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে একই ধরনের ঘটনা ঘটেছিল। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এক বিশেষভাবে সক্ষম বাংলাদেশি যুবককে জোর করে ভারতীয় ভূখণ্ডে ঢোকানোর চেষ্টা করছিল। কিন্তু বিএসএফের তৎপরতায় তারা সফল হতে পারেনি এবং শেষে ওই যুবককে নো ম্যানস ল্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায় বিজিবি।