কেন্দ্রীয় সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা দেওয়ার ঘোষণা RBI-এর, কী হবে এই বিপুল অর্থ?

দেশের অর্থনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা সারপ্লাস ট্রান্সফার করার ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি ভারত সরকারের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ সারপ্লাস ট্রান্সফার, যা দেশের অর্থনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কীভাবে এলো এই বিপুল অর্থ?
এই বিশাল অঙ্কের লভ্যাংশ সরকারের কোষাগারে আসার পেছনে বেশ কিছু অর্থনৈতিক কৌশল এবং গত কয়েক বছরের সুচিন্তিত পরিকল্পনা কাজ করেছে। মূলত, আরবিআই তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আয়ের মাধ্যমে এই লভ্যাংশ সংগ্রহ করে থাকে।
এর পাশাপাশি, রিজার্ভ ব্যাংক ভেরিয়েবল রেট রিভার্স রেপো (VRRR) সিস্টেম এবং ডলার বিক্রির মাধ্যমেও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। এই পদ্ধতিগুলো থেকেই এবারের বিপুল সারপ্লাস জমা হয়েছে, যা সরকারের আর্থিক স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
কেন্দ্র সরকারের জন্য বিশাল সুবিধা
কেন্দ্র সরকার চলতি অর্থবর্ষে আরবিআই সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ২.৫৬ লক্ষ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিল। সেখানে শুধুমাত্র আরবিআই থেকেই ২.৬৯ লক্ষ কোটি টাকা পাওয়া যাচ্ছে, যা বাজেট অনুমানকেও ছাড়িয়ে গেছে। এটিকে একপ্রকার আর্থিক ‘বোনাস’ হিসেবেই দেখছে সরকার।
অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত অর্থ সরকারকে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা বাড়তি ব্যয় করার সুযোগ দেবে। যদিও এতে রাজস্ব সংক্রান্ত আর্থিক পরিসংখ্যানে খুব বড় পরিবর্তন না এলেও, এর একটি সামান্য হলেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। অনুমান করা হচ্ছে, এই বিপুল অর্থের জেরে এবার রাজস্বের ঘাটতি ৪.৪% থেকে কমে ৪.৩%-এ দাঁড়াতে পারে, যা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য একটি ভালো লক্ষণ।