ঘূর্ণিঝড়ের তোয়াক্কা না করে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব! তরুণের রোমহর্ষক কীর্তি

আকাশজুড়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের তোয়াক্কা না করে, ভরা রাস্তায় হাঁটু মুড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণ। এমনই রোমহর্ষক ঘটনা ক্যামেরাবন্দী হয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ তাঁর প্রেমিকাকে গাড়িতে চাপিয়ে ঘুরতে বেরিয়েছেন। হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে এবং ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা স্পষ্ট বোঝা যায়। এমন পরিস্থিতিতে অনেকেই দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এই তরুণ বেছে নিলেন এক অন্য পথ। হঠাৎ তিনি গাড়ি থামিয়ে দেন।

এরপর সকলের চোখকে ফাঁকি দিয়ে রাস্তায় হাঁটু মুড়ে বসে তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। প্রেমিকের এমন অভাবনীয় ও রোমান্টিক কাণ্ড দেখে আনন্দে ডগমগ প্রেমিকাও সঙ্গে সঙ্গেই প্রস্তাবে সাড়া দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ঠিক তাঁদের পেছনের আকাশে কালো মেঘের সঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তবে এই যুগলের তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। ভালোবাসার কাছে যেন প্রকৃতির তাণ্ডবও ম্লান হয়ে গেছে।

‘বেকিপ্যাটেল’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। মুহূর্তেই এটি লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে এবং বহু মানুষ এটি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ যুগলের এই কাণ্ডকে ‘ভালোবাসা এমনই অন্ধ হয়’ বলে প্রশংসা করেছেন। আবার অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে এমন কাজ করার জন্য তীব্র নিন্দা করেছেন। এই ঘটনা আবারও প্রমাণ করল, ভালোবাসার উন্মাদনায় মানুষ কতটা সাহসী হতে পারে!