বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এরইমধ্যে বাংলা-সহ চার রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

বছর ঘুরলেই যখন বিধানসভা নির্বাচনের উত্তাপ চড়ছে, ঠিক তখনই নির্বাচন কমিশন বাংলা-সহ আরও তিন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল। এর মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র অন্যতম। এই কেন্দ্র ছাড়াও গুজরাতের দুটি, কেরলের একটি এবং পাঞ্জাবের একটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের জীবনাবসান হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থাতেই ৭০ বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকেই প্রায় মাস তিনেক ধরে এই আসনটি বিধায়ক শূন্য ছিল। কবে এই আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে এবং স্থানীয়দের মধ্যে চাপানউতোর চলছিল। নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।
একইভাবে, গুজরাতের কাদি এবং বিসাবদর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কাদি কেন্দ্রে কিছুদিন আগেই সেখানকার বিধায়কের ক্যানসারের কারণে মৃত্যু হয়। এছাড়া, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে ১৯শে জুন, বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের চার দিন পর, ২৩শে জুন, সোমবার ভোটের ফলপ্রকাশ করা হবে। এই উপনির্বাচনগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজনৈতিক সমীকরণ এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে জনমতের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করবে বলে মনে করা হচ্ছে।