রাতভর বৃষ্টিতে প্রায় ৪ ডিগ্রি কমে গেল সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টি চলবে আর কতক্ষণ? জানুন

রাতভর বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা অনেকটাই কমেছে, গরম থেকে মিলেছে স্বস্তি। শনিবার রাতের বৃষ্টিতে প্রায় ৪ ডিগ্রি পারাপতন হয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
রাতভর বৃষ্টিতে তাপমাত্রা কমার জেরে গরম অনেকটাই কমেছে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতেও। এদিন (আজ) সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম। গত শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫৮ থেকে ৯৩ শতাংশের মধ্যে।
এদিনও দিনভর কলকাতার আকাশ মোটের উপর আংশিক মেঘলাই থাকবে এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দুপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে। জেলার একাধিক প্রান্তে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে কখনও কখনও ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনের কারণ হিসাবে আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর দিয়ে গেছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গনা, ও অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এই সব সিস্টেমের প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
উত্তরবঙ্গের সব জেলাতেই এদিন (আজ) ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উপরের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।
সব মিলিয়ে, রাজ্যজুড়ে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রায় স্বস্তি বজায় থাকবে এবং এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।