টেস্ট থেকে অবসর নিলেও, রোহিতের সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধানো, জানলে চমকে উঠবেন

ক্রিকেট মহলে গত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, অবশেষে সেটাই সত্যি হলো। ভারতীয় দলের তারকা ওপেনার এবং প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৭ মে) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তাঁর এই ফরম্যাট ছাড়ার কথা ঘোষণা করেন। এর সঙ্গে সঙ্গেই শেষ হলো তাঁর দীর্ঘ প্রায় ১২ বছরের বর্ণময় টেস্ট অধ্যায়।
গত প্রায় এক বছর ধরে টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিক অফ ফর্ম এবং অধিনায়ক হিসেবে দলের কিছু ব্যর্থতার কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার দাবি উঠছিল। শোনা গিয়েছিল, জুনে ইংল্যান্ড সফরে নেতৃত্ব দিতে চাইলেও নির্বাচক কমিটি তাঁকে টেস্ট দলের ভাবনায় রাখেনি বলে ইঙ্গিত দেয়। এরপরই রোহিত তাঁর অবসরের কথা জানান।
টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ১১৬ টেস্ট ইনিংসে ব্যাট করে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান সহ মোট ৪,৩০১ রান রয়েছে ‘হিটম্যান’-এর ঝুলিতে। তাঁর শেষ টেস্ট ছিল ২০২৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ। অফ ফর্মের কারণেই তিনি সিডনিতে পঞ্চম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ২০২২ সালে বিরাট কোহলির পর রোহিতের হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়। মোট ২৪টি টেস্টে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ১২টিতে জয় এবং ৯টিতে হার এসেছে। তাঁর নেতৃত্বেই ভারত ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়।
মাঠের বাইরেও রোহিত শর্মা যথেষ্ট সফল। একটি প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা, যা তিনি ম্যাচ ফি, চুক্তি এবং বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয় করেছেন। ভারতের অন্যতম ধনী ক্রিকেটারের তালিকায় তাঁর নাম আসে। বিসিসিআই-এর A+ কেন্দ্রীয় চুক্তিভুক্ত হওয়ায় তিনি বার্ষিক ৭ কোটি টাকা বেতন পান। এর আগে তিনি প্রতিটি টেস্টের জন্য ১৫ লক্ষ, একদিনের ম্যাচের জন্য ৬ লক্ষ এবং টি-টোয়েন্টি খেলার জন্য ৩ লক্ষ টাকা পেতেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত, এবার সরে দাঁড়ালেন টেস্ট থেকেও। অ্যাডিডাসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড ছাড়াও সিইএটি, রসনা, ওরাল-বি ইন্ডিয়া, সুইগি, ইক্সিগো, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, হাবলট, নিউ এরা, ভিআইপির অ্যারিস্টোক্র্যাট এবং আইআইএফএল ফাইন্যান্স সহ আরও অনেক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন রোহিত। শোনা যায়, প্রতিটি চুক্তির জন্য তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।
রোহিত শর্মা ভারতে অনেক সম্পত্তির মালিক। এর মধ্যে মুম্বইয়ের ওরলি এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। তাঁর সংগ্রহে থাকা কিছু দামি গাড়ি হলো ল্যাম্বরগিনি উরুস (আনুমানিক মূল্য ৪.১৮ কোটি), মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস ৩৫০ডি (আনুমানিক ১.৫ কোটি টাকা), মার্সিডিজ জিএলএস ৪০০ ডি (আনুমানিক ১.৫ কোটি টাকা), বিএমডব্লিউ এম (আনুমানিক ১.৭৯ কোটি টাকা), এবং রেঞ্জ রোভার এইচএসই এলডব্লিউবি (আনুমানিক ২.৮০ কোটি টাকা)।
টেস্ট থেকে অবসর নিলেও একদিনের ক্রিকেটে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ২৭৩টি ওয়ানডে খেলে ২৬৫ ইনিংসে ৪৮.৭৬ গড় নিয়ে ১১,১৬৮ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৩২টি শতরান এবং ৫৮টি অর্ধশতরান। ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৪, যা এক বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনিই। ভারতের হয়ে ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বিশ্বজুড়ে সামগ্রিকভাবে দশম স্থানে রয়েছেন তিনি।