BigNews: ৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম আদৃত সরকার, জেনেনিন স্কুলের নাম ও ঠিকানা?

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। এ বছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তিনি ৬৯৬ নম্বর পেয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৫৬ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৬.৩১ শতাংশ। অর্থাৎ, গতবারের তুলনায় এবার পাশের হার সামান্য বৃদ্ধি পেয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমে প্রথম দশে মোট ৬৬ জন কৃতি ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে। তবে এককভাবে প্রথম স্থান অধিকার করেছে শুধুমাত্র রায়গঞ্জের অদৃত সরকার।

জেলা ভিত্তিক পাশের হার:

জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে এ বছর নজরকাড়া ফল করেছে পূর্ব মেদিনীপুর জেলা, যা শীর্ষে রয়েছে। এই জেলায় পাশের হার রেকর্ড ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কালিম্পং জেলা, যাদের পাশের হার ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা জেলা, এখানে পাশের হার ৯২.৩০ শতাংশ। পাশের হারের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, এই জেলায় পাশের হার ৯০.৫২ শতাংশ।

মেধা তালিকা এক নজরে:

  • প্রথম স্থান: অদৃত সরকার (৬৯৬) – রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, উত্তর দিনাজপুর।
  • দ্বিতীয় স্থান (যুগ্ম):
    • অনুভব বিশ্বাস (৬৯৪) – রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।
    • সৌম্য পাল (৬৯৪) – বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া।
  • তৃতীয় স্থান: ঈশানী চক্রবর্তী (৬৯৩) – কোতুলপুর হাইস্কুল, বাঁকুড়া।

এ বছর পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯.৮৪ লক্ষ। ফলাফল প্রকাশের পর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে রেজাল্ট দেখার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে স্কুলগুলি ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে অনলাইনেই ফলাফল জানতে পারছেন ছাত্রছাত্রীরা।