মাধ্যমিকে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা, জেনেনিন এবার পাশের হার কত?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী, এ বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তিনি মোট ৬৯৬ নম্বর পেয়েছেন।

মোট পরীক্ষার্থী ও পাশের হার:

পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি বছরে মোট ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল প্রায় ২৭.২৬ শতাংশ বেশি। এছাড়াও ৫৪ হাজার ১৪৩ জন কন্টিনিউয়িং পরীক্ষার্থী এবং ১ হাজার ৩৯৯ জন কম্পাটমেন্টাল পরীক্ষার্থীও পরীক্ষায় বসেছিল।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৫৬ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৬.৩১ শতাংশ। অর্থাৎ, গতবারের তুলনায় এবার মাধ্যমিকের সার্বিক পাশের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে।

জেলা ভিত্তিক ফলাফল:

জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে এ বছর শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৬.৪৬ শতাংশ। ৯৬.০৯ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কালিম্পং জেলা। ৯২.৩০ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবং ৯০.৫২ শতাংশ পাশের হার নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা চতুর্থ স্থানে রয়েছে। এই চারটি জেলাই পাশের হারে অন্য জেলাগুলির চেয়ে এগিয়ে রয়েছে।

মেধা তালিকা:

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমিকের মেধা তালিকায় (প্রথম দশ স্থানাধিকারীদের মধ্যে) মোট ৬৬ জন ছাত্রছাত্রী জায়গা করে নিয়েছে। তবে এককভাবে প্রথম স্থান অধিকার করেছেন শুধুমাত্র রায়গঞ্জের অদৃত সরকার।

প্রথম স্থান: অদৃত সরকার (৬৯৬) – রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, উত্তর দিনাজপুর।
দ্বিতীয় স্থান (যুগ্ম): অনুভব বিশ্বাস (৬৯৪) – রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ এবং সৌম্য পাল (৬৯৪) – বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া।
তৃতীয় স্থান: ঈশানী চক্রবর্তী (৬৯৩) – কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া।

উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ফলাফল প্রকাশের পর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমে অনলাইনে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারছেন। সকাল ১০টা থেকে স্কুলগুলি ক্যাম্প অফিস থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।