SPORTS: এখনই ভারতীয় দলে খেলতে পারবেন না বৈভব, আইসিসির নিয়মে রয়েছে যে বাধা?

চলতি আইপিএলের নিলামে ১৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে মোটা অঙ্কের অর্থে কিনে নিয়ে ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালস। বিহারের এই কিশোর যে কোটি টাকা মূল্যের যথার্থতা মাঠে প্রমাণ করতে শুরু করেছে, তার নজির সম্প্রতি দেখা গেল। আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ছক্কা হাঁকিয়ে। অভিষেক ম্যাচে রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে…

সর্বশেষ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে বৈভব যা করলেন, তাতে রীতিমতো নড়েচড়ে বসেছে শুধু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোই নয়, গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ৩৫ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। তাঁর এই পারফরম্যান্স দেখার পর অনেকেই তাকে আগামী দিনে ভারতের মহাতারকা হিসেবে ভাবতে শুরু করেছেন।

আইপিএলের মতো বড় মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স দেখালেও ভারতের জাতীয় দলের হয়ে অবশ্য এখনই মাঠে নামা হবে না বৈভবের। আইসিসি (International Cricket Council)-র একটি নির্দিষ্ট নিয়মের কারণে আপাতত টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পারবেন না তিনি। ২০২০ সালে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য একটি নতুন নিয়ম তৈরি করেছিল। সেই নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো খেলোয়াড়ের অভিষেক হতে গেলে তার বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে। বৈভবের বর্তমান বয়স ১৪ বছর। আগামী বছর ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। ফলে বয়সের এই বিধিনিষেধে আপাতত ভারতের হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক আটকে যেতে পারে।

তবে, আইসিসি এই নিয়মে একটি বিশেষ ফাঁকও রেখেছে। নিয়মে বলা আছে যে, যদি কোনও খেলোয়াড়ের পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তাহলে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেও তাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অনুমতি দেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসি বরাবর বিশেষ আবেদন জানাতে হবে এবং অনুমতি নিতে হবে।

যদিও, আগামী এক বছরের মধ্যেই বৈভবকে জাতীয় দলে খেলাতে হবে এমন কোনো তাড়াহুড়ো বা পরিকল্পনা আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের নেই। বৈভবকে এখনই জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো ভাবনাচিন্তা করা হয়নি। তিনি বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেটেই বিহারের হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং নিজেকে প্রস্তুত করছেন।

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড রয়েছে মারিয়ান ঘেরাসিমেরের দখলে, যিনি ১৪ বছর ১৬ দিন বয়সে অভিষেক করেছিলেন। অন্যদিকে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তাঁর প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন ১৬ বছর ২০৫ দিন বয়সে। বৈভব সূর্যবংশীর এই অল্প বয়সের পারফরম্যান্স তাকে এই কিংবদন্তিদের পাশে বসিয়েছে। তাঁর ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই ক্রিকেটমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।