“‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য”-নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’

টালিউডের পর্দায় শীঘ্রই আসতে চলেছে নতুন ছবি ‘আড়ি’। এই ছবিতে জুটি বেঁধেছেন টলিউডের অভিনেতা যশ দাসগুপ্ত এবং অভিনেত্রী নুসরাত জাহান। ছবির মূল গল্প আবর্তিত হয়েছে মা-ছেলের এক মিষ্টি ও আদরের সম্পর্ককে ঘিরে। এই গুরুত্বপূর্ণ গল্পে যশ ও নুসরাতের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন ভারতীয় সিনেমার বর্ষীয়ান এবং জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।
একটা সময় মৌসুমি চ্যাটার্জি মানেই ছিল বাংলা ছবির দর্শকের কাছে এক অন্যরকম নস্ট্যালজিয়া। নায়িকা হিসেবে তিনি দর্শককে মুগ্ধ করেছেন বহু বছর। এবারও তিনি পর্দায় ফিরছেন দর্শকের মন জয় করতে, তবে নায়িকা হিসেবে নয়, এক মমতাময়ী মায়ের চরিত্রে। ‘আড়ি’ সিনেমায় যশ দাসগুপ্তের মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে।
এমন একটি আদুরে গল্পের ছবি নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ছবির দুই মুখ্য শিল্পী যশ এবং নুসরাত। সেখানে ছবি প্রসঙ্গে আলোচনার পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন বিষয় নিয়েও খোলামেলা আলোচনা হয়।
বর্তমানে যশ-নুসরাত দুজনেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। নেটমাধ্যমে তাদের অবাধ বিচরণ। নিজেদের কাজের আপডেট, ছবি পোস্ট করা থেকে শুরু করে এই নতুন ছবি ‘আড়ি’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব খবর তারা নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু এরই মাঝে তাদের পোস্টের মন্তব্য ঘরে ধেয়ে আসে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালি।
যশ-নুসরাত যে ছবিটি সম্প্রতি করেছেন, তার মূল বিষয়বস্তু মা-ছেলের সম্পর্ক, ভালোবাসা এবং আদর। যদি তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টের নিচে আসা মন্তব্যগুলি একটু তলিয়ে দেখা যায়, তবে সহজেই বোঝা যাবে যে সেখানে যে সমস্ত কুমন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই অত্যন্ত অশ্লীল এবং ‘মা’-এর নাম তুলে করা।
এই বিষয়টি নিয়েই সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন যশ ও নুসরাত। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে যখন এমন ধরনের মন্তব্য তাদের চোখে পড়ে, তখন তাদের কী মনে হয় – এই প্রশ্ন করা হলে দুজনেই মুখ খোলেন।
নুসরাত জাহান এই প্রসঙ্গে বলেন, “যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা হয়তো জানেন না যে তাদের সন্তানেরা এমনটা করছে। যদি জানতেন, তাহলে আমার মনে হয় না তারা এমনটা করতে পারতেন বা করতে দিতেন।” নুসরাতের কথা শেষ না হতেই যশ বলে ওঠেন, “কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের আমার মনে হয় সাহায্য দরকার। তারা জিমে যেতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরালে তাদের ফ্রাসট্রেশন কেটে যাবে।” নুসরাতেরও একই মত, তিনি বলেন, “যারা মা তুলে গালি দেয়, তারা আসলে মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড।”
‘আড়ি’ ছবির মতো একটি সংবেদনশীল গল্প নিয়ে কাজ করার সময় যশ ও নুসরাতের সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের আক্রমণের সম্মুখীন হওয়া টালিউডের অনলাইন সংস্কৃতির এক ভিন্ন চিত্র তুলে ধরল।