‘যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে….’ নওশাদ সিদ্দিকীকে কোন চ্যালেঞ্জ করলেন শওকত?

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল, বিশেষ করে ভাঙড়, বরাবরই সংঘাত ও উত্তেজনার কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার যেন অনেক আগে থেকেই সেই উত্তাপ ছড়াতে শুরু করল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এবং ভাঙড়ের অন্যতম প্রভাবশালী নেতা শওকত মোল্লা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে।

শুক্রবার সন্ধ্যায় ভাঙড় বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে সরকারি স্ট্রিট লাইট ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছিলেন শওকত মোল্লা। শোনপুর, কাশিপুর, কাঁঠালিয়া, পাকাপোল সহ একাধিক জায়গায় রোড লাইটের উদ্বোধন করার পাশাপাশি সাতুলিয়াতে সোলার আরএলআই সিস্টেম এবং কৃষকদের সুবিধার জন্য আধুনিক সেচ ব্যবস্থার সূচনা করেন তিনি। এই সমস্ত কর্মসূচির ফাঁকেই আয়োজিত জনসভা থেকে তিনি তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কড়া ভাষায় আক্রমণ করেন।

নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে শওকত মোল্লা বলেন, “যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে ভাঙড়ের ভূমিপুত্রকে প্রার্থী করো।” তাঁর এই চ্যালেঞ্জ ভাঙড়ের রাজনৈতিক ময়দানে নতুন করে জল্পনা তৈরি করেছে। এখানেই না থেমে শওকত মোল্লা আরও দাবি করেন যে, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাঙড় আসন থেকে এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে। তিনি নওশাদ সিদ্দিকীকে হুগলিতে ‘পাঠিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “ওকে যদি ল্যাজে গোবরে না করে দিতে পারি তাহলে আমি বাপের বেটা নই।” তাঁর এই ধরনের কড়া মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে।

রাজনৈতিক রণহুঙ্কারের পাশাপাশি শওকত মোল্লা তাঁর বক্তব্যে কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনের আগেই ভাঙড় বিধানসভা কেন্দ্রের সর্বত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। জনগণের উদ্দেশে তিনি বলেছেন, যদি তিনি তার এই প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। একদিকে প্রকাশ্য চ্যালেঞ্জ এবং অন্যদিকে উন্নয়ন ও প্রতিশ্রুতির মিশেল – সব মিলিয়ে শওকত মোল্লার এই পদক্ষেপ ভাঙড়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।