বিশেষ: বাড়ির টবের গাছের শাখা-প্রশাখা নিয়মিত ছাঁটাই করবেন কেন? জেনেনিন মূল কারণ গুলো?

ফল গাছ রোপণ থেকে শুরু করে ফল ধারণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এর শাখা-প্রশাখা ছাঁটাই করা গাছের সুষ্ঠু ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ফল গাছের বিভিন্ন শাখা-প্রশাখা গাছের জাত, বয়স এবং বৃদ্ধির স্বভাব অনুযায়ী সঠিক সময়ে ছাঁটাই করা প্রয়োজন। এই কাজটি সঠিকভাবে করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং ফলন বৃদ্ধি পায়।

জেনে নিন ঠিক কী কী কারণে ফল গাছের অঙ্গ বা শাখা-প্রশাখা ছাঁটাই করা অত্যাবশ্যক:

১. গাছটি যদি কলমের জন্য ব্যবহৃত মাতৃগাছ হয়, তাহলে ভবিষ্যতে তা থেকে বেশি পরিমাণে সায়ন (কলমের ডাল) উৎপাদন করার উদ্দেশ্যে ছাঁটাই করা হয়।
২. গাছে প্রচুর পরিমাণে ফুল-ফল ধারণে সক্ষম শাখা-প্রশাখার সংখ্যা বৃদ্ধি করা এবং উৎপাদিত ফলের গুণগতমান উন্নত করার জন্য ছাঁটাই জরুরি।
৩. ঝড় বা প্রবল বাতাস চলাকালীন ফল গাছ যাতে সহজে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য গাছকে একটি সুগঠিত ও মজবুত অবকাঠামো বা আকার দেওয়া।
৪. গাছের বিভিন্ন পরিচর্যা যেমন – কীটনাশক বা বালাইনাশক স্প্রে করা, সায়ন সংগ্রহ করা, ইত্যাদি কাজগুলি সহজ করার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করা হয়।
৫. যেসব গাছে ফল ধারণে সমস্যা দেখা যায়, সেসব গাছের ফল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য নতুন এবং সুস্থ শাখা-প্রশাখা গজানোর ব্যবস্থা করা।
৬. যে সমস্ত গাছে প্রতি বছর ফল না ধরে এক বছর পর পর ফল ধরে (Alternate Bearing), সেসব গাছের একান্তর ক্রমিক ফলনের প্রভাব কমানো বা নিয়মিত ফল ধরার ব্যবস্থা করা।
৭. যেসব শাখা-প্রশাখা একে অপরের ভেতরে ঢুকে যায় বা নিচের দিকে ঝুলে পড়ে, সেগুলো ছাঁটাই করে গাছকে অতিরিক্ত ঝোপালো অবস্থা থেকে মুক্ত রাখা।
৮. গাছের ভেতরের দিকে এমন কিছু শাখা-প্রশাখা জন্মায় যা থেকে কোনও ফলন পাওয়া যায় না, অথচ গাছের শক্তি অপচয় করে। সেগুলোকে নিয়মিত ছাঁটাই করা উচিত।
৯. কোনো কোনো ফল গাছের গোড়ার দিক থেকে কিছু কুশি বা নতুন ডালপালা বের হতে দেখা যায়, যা গাছের মূল বৃদ্ধিতে বাধা দেয়। এগুলো নিয়মিতভাবে ছাঁটাই করতে হয়।
১০. ফল ধরার আগেই গাছের একটি নির্দিষ্ট কাঠামোগত আকৃতি গড়ে তোলার উদ্দেশ্যে গাছের শীর্ষ বা উপরের অংশ ছাঁটাই করে গাছকে খুব বেশি লম্বা না রেখে তুলনামূলক খাটো রাখা।

সঠিকভাবে ছাঁটাই করলে সুস্থ-সবল ফল গাছ থেকে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই কয়েকটি জনপ্রিয় ও প্রচলিত ফল গাছের শাখা-প্রশাখা ছাঁটাই সম্পর্কে প্রত্যেকেরই কিছুটা প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।