ধোনির চেন্নাইয়ে এবার বিশ্বকাপজয়ী অধিনায়ক! ফ্লেমিংয়ের জায়গায় সিএসকে-র কোচ হচ্ছেন কে?

চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে বড় পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের সফল কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধ্যায় চুকে যাওয়ার পর এখন নতুন কোচের সন্ধানে ব্যস্ত আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি। এর মাঝেই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের একটি মন্তব্য ক্রিকেট মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। অশ্বিনের দাবি অনুযায়ী, সিএসকের পরবর্তী হেড কোচ হিসেবে জোরালোভাবে উঠে আসছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যানের নাম।
নিজের ইউটিউব চ্যানেলে এই জল্পনা উসকে দিয়ে অশ্বিন জানিয়েছেন যে, মর্গ্যানকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে, মর্গ্যান ঠিক এই বছরই দায়িত্ব নেবেন নাকি আগামী দিনে দলের সঙ্গে যুক্ত হবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্য কেউ প্রথমে দলের পরিকাঠামো তৈরি করতে পারে এবং পরবর্তীতে মর্গ্যান মূল দায়িত্ব সামলাতে পারেন— এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কেন মর্গ্যানের নাম নিয়ে এত চর্চা?
২০২৩ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেই বেশি দেখা গেছে ইয়ন মর্গ্যানকে। আন্তর্জাতিক বা কোনো বড় ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হিসেবে তাঁর সরাসরি কাজ করার অভিজ্ঞতা না থাকলেও, সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ট্যাকটিক্যাল ব্রেন ও আগ্রাসী নেতৃত্বের সুনাম রয়েছে। তাঁর নেতৃত্বেই ২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আধুনিক ক্রিকেটে তাঁর এই দূরদর্শিতাই তাঁকে সিএসকের মতো দলের কোচিং পদের জন্য অন্যতম দাবিদার করে তুলেছে।
ধোনির ভূমিকা ও চেন্নাইয়ের ভবিষ্যৎ
গত কয়েকটি মরশুমে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স বিশেষ সুবিধার হয়নি। ফ্লেমিংয়ের বিদায়ে দল এখন নতুন রূপ পেতে চলেছে। এমতাবিষয়ে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন অশ্বিন। তাঁর মতে, আগামী অন্তত এক বছর দলের নতুন রূপরেখা তৈরি করতে এবং অন্তর্বর্তীকালীন সময়ে মাহি বড় ভূমিকা পালন করতে পারেন।
সামনেই মেগা পরিবর্তনের আগে হাতে রয়েছে মাত্র এক বছর। ফলে নতুন কোচের নাম ঘোষণা নিয়ে চেন্নাই ম্যানেজমেন্ট ঠিক কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়!