BigNews: অবশেষে ধরা পড়ল TRF জঙ্গি, কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ধৃত ১

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ফের অশান্ত হয়ে উঠেছে ভূস্বর্গ কাশ্মীর। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে।
কুলগামের তাংমার্গ এলাকায় এনকাউন্টার চলছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। এই অভিযান চলাকালীন পহেলগাঁওয়ে হামলার ঘটনায় জড়িত একটি টিআরএফ (The Resistance Front) গোষ্ঠীর কমান্ডারকে পাকড়াও করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ধৃত কমান্ডার পহেলগাঁও হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বৈসরণে পর্যটকদের উপর অতর্কিতে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল জঙ্গিরা। সেই ভয়াবহ হামলায় ২৮ জনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে, যাঁদের মধ্যে তিনজন ছিলেন বাঙালি পর্যটক। এছাড়া, আরও বহু পর্যটক এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীর উপত্যকায় এত বড় আকারের জঙ্গি হামলা এই প্রথম। পর্যটকে ভরপুর কাশ্মীরে এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ (TRF)। জানা গেছে, হামলার সময় জঙ্গিরা ভারতীয় সেনা বা পুলিশের পোশাক পরে এসেছিল।
পহেলগাঁওয়ের এই ভয়াবহ হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে পৌঁছন। বুধবার তিনি পহেলগাঁওয়ে নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন যে, সন্ত্রাসবাদের কাছে ভারত কোনওভাবেই মাথা নোয়াবে না। এই হামলার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পূর্বনির্ধারিত সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছেন।
পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত একজন কমান্ডারকে কুলগামে পাকড়াও করা নিরাপত্তা বাহিনীর একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা হামলার পেছনের ষড়যন্ত্র উন্মোচন করতে সাহায্য করবে।