“আমরা সম্পূর্ণ আলাদা…”-হিন্দু ধর্মকে নিশানা পাক সেনাপ্রধানের, দেখেনিন ভাইরাল ভিডিও

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছেন। ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ইসলামাবাদের অনুষ্ঠিত প্রবাসী পাকিস্তানিদের প্রথম বার্ষিক সম্মেলনে ১৬ এপ্রিল তিনি যে ভাষণ দেন, সেখানে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কাশ্মীর ও বেলুচিস্তান বিতর্ক উত্থাপন করে তিনি প্রবাসী পাকিস্তানিদের আনুগত্য কেনার চেষ্টা করেছেন বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ দেশটির একাধিক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। সেখানে ভাষণ দেওয়ার সময় জেনারেল মুনির ভারতের দেশভাগের প্রসঙ্গ টেনে আনেন এবং প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেন, তাদের সন্তানদের অবশ্যই পাকিস্তানের জন্মের ইতিহাস শোনাতে হবে, যাতে তারা এই দেশের ঐতিহ্য ভুলে না যায়।

তবে তার বক্তব্যের মূল বিতর্ক তৈরি করে হিন্দুদের প্রতি তার বিদ্বেষপূর্ণ মন্তব্য। পাকিস্তানে ‘মোল্লা জেনারেল’ নামে পরিচিত আসিম মুনির বলেন, “আমাদের পূর্বপুরুষরা মনে করতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম ভিন্ন, আমাদের রীতিনীতি ভিন্ন, আমাদের ঐতিহ্য ভিন্ন, আমাদের চিন্তাভাবনা ভিন্ন, আমাদের উচ্চাকাঙ্ক্ষা ভিন্ন। এখানেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি স্থাপিত হয়েছিল। আমরা দুটি আলাদা জাতি, আমরা এক নই।” তিনি আরও বলেন, “এই দ্বি-জাতি তত্ত্বকে মাথায় রেখেই আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছেন, নিরলসভাবে লড়াই করেছেন এবং এই দেশটি তৈরি করেছেন। এই দেশের জন্য তারা বহু ত্যাগ স্বীকার করেছেন।”

বিদেশে বসবাসকারী পাকিস্তানিদের পাঠানো অর্থের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে জেনারেল মুনির বলেন, প্রবাসীরা যেভাবে দেশে অর্থ ও বিনিয়োগের মাধ্যমে অবদান রাখছেন, তা তাদের দেশের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ। তিনি প্রবাসী পাকিস্তানিদের আদর্শের কথা উল্লেখ করে বলেন, বিদেশে ভিন্ন সংস্কৃতিতে বসবাস করলেও তাদের কখনোই ভোলা উচিত নয় যে তারা একটি উন্নত আদর্শের ধারক। এরপর তিনি কবি ইকবালের একটি কবিতা আবৃত্তি করেন।

আবেগঘন কণ্ঠে আসিম মুনির প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে বলেন, “আমার ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা, দয়া করে পাকিস্তানের এই গল্প কখনও ভুলবেন না। আপনাদের পরবর্তী প্রজন্মকে এই বিষয়ে জানান। যাতে তারা পাকিস্তানের সঙ্গে তাদের আত্মিক যোগ অনুভব করতে পারে। তৃতীয়, চতুর্থ বা পঞ্চম প্রজন্ম যেখানেই থাকুক না কেন, এই সম্পর্ক দুর্বল হওয়া উচিত নয়। তাদের জানা উচিত পাকিস্তান তাদের জন্য কী।” পাকিস্তান গঠনের ইতিহাসের হিংসা ও দাঙ্গার প্রেক্ষাপটকে কৌশলে এড়িয়ে গিয়ে এবং সমগ্র ইতিহাসকে একটি ধর্মীয় আবরণে মুড়ে দিয়ে মুনির দাবি করেন যে পাকিস্তান ‘কলমা’র ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, “আজ পর্যন্ত মানবজাতির ইতিহাসে মাত্র দুটি অঞ্চল ‘কলমা’র ভিত্তিতে নির্মিত হয়েছে। প্রথমটি হল রিয়াসাত-এ-তৈয়বা… যা আজ মদিনা নামে পরিচিত। এবং দ্বিতীয়টি, ১৩০০ বছর পর আল্লাহ ‘কলমা’র ভিত্তিতে আপনাদের পাকিস্তান সৃষ্টি করেছেন।” জেনারেল মুনির গাজায় ইজরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত প্যালেস্তাইনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বলেন, “পাকিস্তানিদের হৃদয় গাজার মুসলমানদের সঙ্গে স্পন্দিত হয়।”

উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে এবং প্রবাসী পাকিস্তানিদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি এনেছে। এই পরিস্থিতিতে আসিম মুনিরের এই ধরনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বক্তৃতায় তিনি বহু পুরনো কাশ্মীর ইস্যুটিকে পুনরায় উত্থাপন করেন এবং এটিকে পাকিস্তানের ‘গলার শিরা’ হিসেবে অভিহিত করেন। সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।