“মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে”, নেতাজি ইন্ডোর থেকে বড় ঘোষণা মমতার

“লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা দেশ রক্ষার, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা মানবিকতা, সংহতির পক্ষে।” নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেন, ইমামদের ওয়াকফ মিটিংয়ে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই বারবার দিলেন। রাজ্যজুড়ে হিংসার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে তিনি কংগ্রেসকেও আক্রমণ করেন। এরই মধ্যে হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
হিংসায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদের বাংলার আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কোনও সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে আমাদের সরকার ১০ লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাদের দোকান নষ্ট হয়েছে তার হিসাব-নিকেশ করে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে কাজটা করবেন।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। চিক সেক্রেটারিকে বলছি এর তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল।”