নববর্ষের শুরুতেই শেষ তরতাজা প্রাণ, ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ১ !

বছরের প্রথম দিনেই উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের গাড়াকুপি বাজারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বাইক ও ট্রাকের সংঘর্ষে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাটের খোলাপোতার দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ভেবিয়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় গাড়াকুপি বাজারে একটি বাইক বাজার থেকে আচমকা রাস্তায় উঠে এলে ট্রাকের সামনে পড়ে যায়।

এই ভয়াবহ দুর্ঘটনায় বাইকটি সজোরে আসা ট্রাকের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই বাইকে থাকা হাফিজুল নামে ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়। অন্যদিকে, আসাদুল নামে আরও এক যুবক গুরুতরভাবে আহত হন। মৃত কিশোরের বাড়ি গাড়াকুপি এলাকায় এবং আহত যুবক জলসেরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার পর খোলাপোতা ভেবিয়া শ্মশান রোড কিছুক্ষণের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে, ট্রাকটির গতিবেগ অত্যন্ত বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত কিশোর হাফিজুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পথ নিরাপত্তা এবং সচেতনতা নিয়ে পুলিশ প্রশাসনের একাধিক সতর্কতামূলক বার্তা সত্ত্বেও, একের পর এক পথ দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।